২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের বিরুদ্ধে এবার ‘লিঙ্গ বৈষম্যে'র অভিযোগ

ব্যবহারকারীদের চাকরির বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যমূলক আচরণের সুযোগ করে দিচ্ছে ফেইসবুক-- সম্প্রতি এমন অভিযোগ উঠেছে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে। আশঙ্কা উঠেছে সম্ভ্যাব্য আইনি জটিলতার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 05:12 PM

Updated : 07 Apr 2022, 11:36 PM

ফেইসবুকের বিরুদ্ধে এই বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গ্লোবাল উইটনেস। সংস্থাটি বলছে, কোন ব্যবহারকারী চাকরির বিজ্ঞাপন দেখবেন, সেটি নির্ধারণে লিঙ্গ বৈষম্যমূলক আচরণের সুযোগ দিচ্ছে ফেইসবুক এবং সামাজিক মাধ্যমটির বিজ্ঞাপনের অ্যালগরিদম “পক্ষপাতদুষ্ট”।

ফেইসবুকের বিজ্ঞাপন নীতিমালা ও অ্যালগরিদম কতোটা নিরপেক্ষ, সেটা যাচাই করতে তদন্তে নেমেছিলো সংস্থাটি। ওই তদন্ত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মেকানিকের চাকরির বিজ্ঞাপন যাদের দেখানো হয়েছে তাদের ৯৬ শতাংশ ছিলেন পুরুষ, আর নার্সারি স্কুলের সেবকের চাকরির বিজ্ঞাপন যাদের দেখানো হয়েছে তাদের মধ্যে ৯৫ শতাংশ ছিলেন নারী ব্যবহারকারী।

তবে, ফেইসবুক বলছে, বৈষম্যমূলক ভাবে নয়, কে কোন বিষয়ে আগ্রহী হতে পারেন সেটি বিবেচনা করেই বিজ্ঞাপন দেখানো হয়।  

গ্লোবাল উইটনেস তদন্তের অংশ হিসেবে ফেইসবুকের কাছে মোট চারটি বিজ্ঞাপন দিয়েছিলো। এরমধ্যে দুটির ক্ষেত্রে আলাদা শর্ত দিয়েছিলো সংস্থাটি। প্রথমটির ক্ষেত্রে শর্ত ছিলো নারী ব্যবহারকারীদের দেখানো যাবে না বিজ্ঞাপনগুলো, দ্বিতীয় শর্ত ছিলো ৫৫ বছরের বেশি বয়সের ব্যবহারকারীদের দেখানো যাবে না বিজ্ঞাপন। প্রচারের অনুমতি পায় দুটি বিজ্ঞাপনই। যদিও, বিজ্ঞাপনদাতা ওই ‘দুই দলের ক্ষেত্রে বৈষম্যমূলক কোনো আচরণ করবে না’--এমন একটি প্রতিশ্রুতি দিয়ে বক্সে টিক দিতে হয়েছিলো সংস্থাটিকে। 

এই প্রসঙ্গে ফেইসবুক বলছে “আমাদের সিস্টেমটি বিভিন্ন ধরনের তথ্য বিবেচনায় নিয়ে ব্যবহারকারীরা যে বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী হবেন সেই বিজ্ঞাপনগুলোই দেখানোর চেষ্টা করে। ওই প্রতিবেদনে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখছি আমরা”।  

২০১৯ সালেই বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে জাতিগত বৈষম্যমূলক আচরণের অভিযোগে ফেইসবুকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা হয়েছিলো । ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ প্রশ্রয় না দেওয়ার কথা বলেছিল ফেইসবুক। একই রকমের নীতি অন্যান্য দেশের বাজারেও কার্যকর করার সম্ভবনা যাচাই করে দেখার কথা বলেছিলো প্রতিষ্ঠানটি।

তবে কাদের বিজ্ঞাপন দেখাতে হবে সেটি চাকরি দাতা নির্ধারণ করে না দিলে, সেক্ষেত্রে ফেইসবুকের নিজস্ব কার্যপ্রণালী নিয়ে বেশি খেপেছেন গ্লোবাল উইটনেসের কর্মীরা। 

বিবিসি জানিয়েছে, মোট চারটি চাকরির বিজ্ঞাপন তৈরি করেছিলো সংস্থাটি। এর মধ্যে ছিলো নার্সারি স্কুলের সেবক, পাইলট, মেকানিক এবং মনোবিদের চাকরির বিজ্ঞাপন। কেবল যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্করা যেন বিজ্ঞাপনগুলো দেখতে পান, সেটি নিশ্চিত করতে বলেছিলো প্রতিষ্ঠানটি।

এই প্রসঙ্গে গ্লোবাল উইটনেসের তদন্ত দলের প্রধান নেওমি হার্সট বলেন, “অর্থাৎ, বিজ্ঞাপনগুলো কারা দেখবেন সেটা পুরোটাই ফেইসবুকের অ্যালগরিদমের হাতে ছিলো, এবং তা থেকে যা ফলাফল এসেছে সেটা পুরোদমে লিঙ্গ বৈষম্যমূলক।”

যতো সম্ভব বেশি মানুষ যেন বিজ্ঞাপনে ক্লিক করেন, সেটি নিশ্চিত করার চিন্তা মাথায় রেখে নকশা করা হয়েছে ওই অ্যালগরিদমের। কিন্তু গ্লোবাল উইটনেস বলছে নিয়োগ প্রক্রিয়ার উপস্থিত পক্ষপাতদুষ্ট ভাবধারাকেই টিকিয়ে রেখে তার পরিধি আরও বাড়ানোর সুযোগ দিচ্ছে ফেইসবুক।   

আগে মেকানিক পদে নিয়োগের বিজ্ঞাপনগুলো সাধারণত পুরুষ পাঠকদের জন্য প্রকাশিত ম্যাগাজিনগুলোতে থাকতো। ফেইসবুকের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে হার্সট বলেন, “ এখানে পার্থক্যটা হচ্ছে, একজন চাকরি সন্ধানী নারী মেকানিক চাইলে পুরুষ সহকর্মীদের পাশাপাশি দোকান থেকে ওই ম্যাগাজিন কিনে সেখানে চাকরির বিজ্ঞাপন দেখতে পারতেন। কিন্তু অনলাইনে এটা সম্ভব নয়”।

বিবিসি জানিয়েছে, ফেইসবুকের বিরুদ্ধে সংগৃহীত প্রমাণ যাচাই কাছে ব্যারিস্টার শনা জলি’র কাছে ধরণা দিয়েছে গ্লোবাল উইটনেস। যুক্তরাজ্যের “ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে ব্যারিস্টার জলি লিখেছেন, “ফেইসবুক নিজস্ব সিস্টেমেই গলদ আছে বলে মনে হচ্ছে, যার কারণে বৈষম্যমূলক ফলাফল আসছে”।

পাশাপাশি দেশটির তথ্য কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন গ্লোবাল উইটনেসের আইনজীবী। ফেইসবুকের বিজ্ঞাপন দেখানোর কার্যপ্রণালী সমতা রক্ষা আইনের পরিপন্থী হতে পারে বলে মন্তব্য করেছেন ডেটা-অধিকারবিষয়ক আইনজীবী রাভি নায়েক।

“এর অনেক বড় প্রভাব আছে কারণ ফেইসবুকের পুরো ব্যবসা কাঠামো বিজ্ঞাপন নির্ভর এবং ওই ব্যবসা কাঠামোর কারণে যদি বৈষম্যমূলক আচরণ প্রশ্রয় পায়, তবে সেটা এই দেশে ফেইসবুকের সঠিকভাবে কাজ করার সক্ষমতা খর্ব করে”--মন্তব্য করেছেন রাভি নায়েক।