২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবহারকারীর ডেটা পুলিশকে দিয়ে বিপাকে ‘নিরাপদ’ ইমেইল সেবা

কর্তৃপক্ষকে ব্যবহারকারীর ডেটার বিস্তারিত দিয়ে সমালোচনার মুখে পড়েছে এনক্রিপ্টেড মেইল প্রতিষ্ঠান প্রোটনমেইল। অথচ সুইস এ প্রতিষ্ঠানটি নিজেদের সেবা গোপনতা ফিচারের মোড়কে বিক্রি করে এবং ব্যবহারকারীদেরকে নিজ নিজ ব্যক্তিগত ডেটার “নিয়ন্ত্রণ নেওয়ার” ব্যবস্থা করে দেবে এমন প্রতিশ্রুতি দিয়ে থাকে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 04:04 PM

Updated : 07 Apr 2022, 11:36 PM

প্রোটনমেইল সম্প্রতি জানিয়েছে, ফরাসী পুলিশের হাতে গ্রেপ্তার এক “জলবায়ু সমর্থক” –এর সঙ্গে সংশ্লিষ্ট এক অ্যাকাউন্টের ডেটা বৈধভাবে সংগ্রহের নির্দেশ এসেছে তাদের কাছে।

খবরটি এমন একটি সময়ে এলো যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স-লি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে যোগ দিয়েছেন। নিজ নিয়োগ প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েবের জনক বলেছিলেন, “আমি গোপনতার দৃঢ় সমর্থক –এবং প্রোটনের মূল্যবোধ, ব্যবহারকারীদেরকে তাদের ডেটার নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়টি আমার ওয়েবের পরিপূ্র্ণ সম্ভাবনার লক্ষ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।”

প্রোটনমেইলের ওয়েবসাইট বলছে, এনক্রিপ্টেড মেইল “তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা যায় না”। এ ছাড়াও প্রতিষ্ঠানটি জানিয়েছে, “বাই-ডিফল্ট কোনো আইপি [বা ইন্টারনেট প্রটোকল] লগ রাখা হয় না যা আপনার অজ্ঞাতনামা ইমেইল অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা সম্ভব।”

কিন্তু অনেক ব্যবহারকারীই মনে করছেন প্রোটনমেইল নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রোটনমেইল এখন নিজেদের ওয়েবসাইটের প্রথম পাতা থেকে ওই প্রতিশ্রুতি বার্তা সরিয়ে নিয়েছে। এর বদলে সেখানে এখন দেখা যাচ্ছে, নিজেদের দায়বদ্ধতা ফৌজদারি মামলার ক্ষেত্রে “আরও স্বচ্ছ” করবে তারা এবং “এটি যদি আগে থেকেই স্বচ্ছ না হয়ে থাকে”, সেজন্য তারা ক্ষমা চাইছেন।

প্রোটনমেইলের গোপনতা নীতিতে এখন দেখা যাচ্ছে, “আপনি যদি সুইস আইন ভাঙেন, তাহলে প্রোটনমেইল আইনত আপনার আইপি অ্যাড্রেস লগ করতে বাধ্য থাকবে সুইস ফৌজদারি তদন্তের অংশ হিসেবে।

এক ব্লগ পোস্টে প্রোটনমেইল লিখেছে, তারা সুইস কর্তৃপক্ষের কাছ থেকে ডেটা সংগ্রহের জন্য “আইনত বাধ্যতামূলক” নির্দেশ পেয়েছে। তবে, অভিযুক্ত ব্যক্তি যে জলবায়ু সমর্থক সে বিষয়টি জানা ছিলো না তাদের।

“আমরা শুধু জানি যে ডেটা সম্পর্কিত নির্দেশটি সুইস সরকারের যে চ্যানেল দিয়ে এসেছে তা সাধারণত গুরুতর অপরাধের বেলাতেই ব্যবহৃত হয়।”

এর আগে ডেটা চওয়ার অনুরোধ নিয়ে টুইটারে সমালোচনা করেছিলেন প্রোটনমেইল প্রধান নির্বাহী অ্যান্ডি ইয়েন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সবসময়ই স্বচ্ছ ছিলো যে সাধারণত লগ রেকর্ড তারা না রাখলেও, অ্যাকাউন্ট সংশ্লিষ্ট আইপি ডেটার জন্য এটির প্রয়োজন পড়তে পারে।