‘আপত্তিকর’ কন্টেন্ট কীভাবে সরায় বিটিআরসি?
ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ‘আপত্তিকর’ কন্টেন্ট অপসারণে বাংলাদেশ সরকার কতটা কী করতে পারে আর কতটা কী করছে, তার এক ধরনের বিবরণ সংবাদ সম্মেলন করে তুলে ধরেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
কমিশন বলছে, তারা চাইলে যে কোনো ওয়েবসাইট বাংলাদেশ থেকে দেখার সুযোগ বন্ধ করে দিতে পারে। পর্নগ্রাফি আর জুয়ার সাইটের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু সোশাল মিডিয়ায় আসা কন্টেন্ট সরাতে হলে নির্ভর করতে হয় তাদের মর্জির ওপর।
সোমবার বিটিআরসি কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, কন্টেন্ট ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সরাসরিই বলেন, “আমরা এক ধরনের অসহায়ত্বে আছি, তা হলো সোশাল মিডিয়া, আমরা তাদের কৃপার উপর নির্ভরশীল।”
সোশাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিও ও ছবি অপসারণে বিটিআরসির ভূমিকা নিয়ে রোববার উষ্মা প্রকাশ করে হাই কোর্ট। এর একদিন পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন।
সামাজিক যোগাযোগ মাধ্যম, কন্টেন্ট ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে বিটিআরসি কীভাবে অভিযোগ নেয়, আর কীভাবে তা অপসারণ করে, সেসব তথ্য তুলে ধরেন কমিশনের মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।
তিনি বলেন, “ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী, সামাজিক, রাজনৈতিক, পর্নগ্রাফিক, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উসকানিমূলক ও উগ্রবাদী কন্টেন্টসহ বিভিন্ন রকম আপত্তিকর কন্টেন্ট প্রচার করা হচ্ছে যা প্রতিদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।”
শিশু ও কিশোররা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অনলাইনে গেইমস খেলার পেছনে অনেক বেশি সময় দেওয়ায় তাদের পড়াশোনার যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি তাদের স্বাভাবিক মানসিক বিকাশও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন নাসিম পারভেজ।
বিটিআরসি কার অভিযোগ শোনে?
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি সংস্থা নিয়মিতভাবে সন্ত্রাসী কার্যকলাপ, সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, পর্নগ্রাফি এবং ধর্মীয় বা রাজনৈতিক উসকানিমূলক তথ্য বিভিন্ন ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে অনুরোধ করে। আবার বিভিন্ন অ্যাকাউন্ট, পেইজ, চ্যানেল, লিংক, ইমেজ, অডিও, ভিডিও কন্টেন্টও অপসারণের অনুরোধ জানায়।
২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৮ এর ১ ও ২ ধারা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালকের মাধ্যমে এসব কন্টেন্ট অপসারণ বা ব্লক করার জন্য অনুরোধ করতে পারে।
ওয়েবসাইট বন্ধ হয় কীভাবে
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের অনুমোদন পেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন ডিপার্টমেন্ট অফ টেলিকমের (ডট) সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স সিস্টেমের মাধ্যমে স্পর্শকাতর/আপত্তিকর ওয়েবসাইট, ডোমেইন, ব্লগ, লিংক- এসব বন্ধ করা হয়।
এর ফলে সেসব ওয়েবসাইট বা লিংক বাংলাদেশ থেকে খোলা বা দেখা যায় না। তবে বিশ্বের অন্য জায়গায় তা উন্মুক্তই থাকে।
এই সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সিস্টেমের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ থেকে ২২ হাজারের বেশি পর্নগ্রাফি এবং অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে বলে তথ্য দেন বিটিআরসি মহাপরিচালক।
আর সোশাল মিডিয়া পোস্ট সরাতে হলে?
সরকারের নির্দেশনা অনুযায়ী সোশাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট বা কোনো পোস্ট, ছবি, ভিডিও কনটেন্ট বন্ধ বা সরিয়ে ফেলতে হলে বিটিআরসি সংশ্লিষ্ট সোশাল মিডিয়া কোম্পানির কন্টেন্ট রিপোর্টিং সিস্টেমের (সিআরএস) মাধ্যমে অনুরোধ জানায়।
এরপর সেই কোম্পানি তাদের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ট গাইডলাইন অনুযায়ী সিদ্ধান্ত নেয় তারা কী করবে। অভিযোগ বিশ্লেষণ করে তারা সেসব কন্টেন্ট অপসারণ, ব্লক বা নিয়ন্ত্রণ করতে পারে, অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করে দিতে পারে, আবার অনুরোধে সাড়া নাও দিতে পারে।
সোশাল মিডিয়া কোম্পানিগুলো যেহেতু বাংলাদেশে নিবন্ধিত কোম্পানি নয়, সেহেতু বাংলাদেশ সরকারের অনুরোধ মানার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তবে নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ট গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে তারা অনুরোধ রাখতেও পারে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে অবমাননাকর পোস্ট এবং আপত্তিকর কন্টেন্ট অপসারণ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করে বিটিআরসি। সেই প্রক্রিয়ায় পাঁচটি ফেইসবুক অ্যাকাউন্ট এবং অন্য একটি অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট অপসারণ করা হয়।
নাসিম পারভেজ জানান, গত এক বছরে ১৮ হাজার ৮৩৬টি আপত্তিকর ফেইসবুক লিংক বন্ধ করার অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে চার হাজার ৮৮৮ লিংক বন্ধ করা হয়েছে।
৪৩১টি ইউটিউব লিংক বন্ধ করার অনুরোধে ৬২টি ক্ষেত্রে ইউটিউব কর্তৃপপক্ষ সাড়া দিয়েছে। এছাড়া এক হাজার ৬০টি ওয়েবসাইটের লিংক বন্ধ করা হয়েছে এই সময়ে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. আফজাল হোসেন ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।
অন্যদের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার ও ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
