অকার্যকর হয়ে যাচ্ছে গুগলের পিক্সেল ৩ ও ৩ এক্সএল
আগাম কোনো ইঙ্গিত না দিয়েই কাজ করা থামিয়ে দিচ্ছে গুগলের পিক্সেল ৩ ও ৩ এক্সএল। বিষয়টি নিয়ে গুগলের ‘ইস্যুট্র্যাকার’ ফোরাম এবং রেডিটে অভিযোগ জানাচ্ছেন ফোনগুলোর মালিকরা।
আর্স টেকনিকার প্রতিবেদন বলছে, ডিভাইসগুলো কোয়ালকমের ‘ইমার্জেন্সি ডাউনলোড মোড’-এ প্রবেশ করছে। এরপর আর গতানুগতিক প্রক্রিয়ায় নতুন ফার্মওয়্যার ইনস্টল করেও ফোন ঠিক করা যাচ্ছে না। এমনকি বুটলোডারও ব্যবহার করা যাচ্ছে না।
ঠিক কী কারণে সমস্যা হচ্ছে বা সমস্যাটি আদতে কতোটা ছড়িয়েছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে গুগলের মন্তব্য জানতে চেয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। আর্স টেকনিকার ধারণা, এলজি’র বুটলুপিংয়ের মতো কোনো হার্ডওয়্যার সমস্যার কবলে পড়েছে পিক্সেল। তবে, এ দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।
যে-কারণেই সমস্যা হোক না কেন, পিক্সেল মালিকদের জন্য অভিজ্ঞতাটি সুখকর নয়। কারণ, ওই ফোনগুলোর মধ্যে বেশ কিছু ফোনের হয় ওয়ারেন্টি ফুরিয়ে গেছে, না-হয় সেগুলো কাভারেজ হারাচ্ছে। ফলে সমাধান হিসেবে হয় ব্যবহারকারীদের ফোন নিজের অর্থ খরচ করে ঠিক করতে হবে, না হয় নতুন ফোন কিনে নিতে হবে।
এর আগে গুগল পিক্সেল ৪-এর ওয়ারেন্টি বাড়িয়ে হ্যান্ডসেটের কিছু সমস্যার ব্যাপারে সমাধান দিয়েছিল। পিক্সেল ৩ নিয়েও একই কাজ করতে পারে প্রতিষ্ঠানটি--অনুমান এনগ্যাজেটের।
