২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেজোসের মামলায় স্পেসএক্স-নাসা চুক্তি আবারও স্থগিত

আবারও থমকে গেছে নাসা ও স্পেসএক্সের হিউম্যান ল্যান্ডিং সিস্টেম (এইচএলএস)-এর নির্মাণ কাজ। সম্প্রতি, নাসা ও স্পেসএক্সের মধ্যকার দুইশ’ ৯০ কোটি ডলারের চুক্তির বিরোধীতা করে মামলা ঠুকে বসেছেন অ্যামাজনে প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান জেফ বেজোস। ফলে স্বেচ্ছায় এইচএলএস নির্মাণ চুক্তি স্থগিত করেছে নাসা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 07:17 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

ভার্জ জানিয়েছে, মামলায় স্পেসএক্স আর নাসার চুক্তি স্থগিত করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলো বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ১ নভেম্বরের মধ্যে মামলার সব কাজ গুটিয়ে আনতে হবে-- এই শর্তে স্বেচ্ছায় চুক্তির কার্যক্রম স্থগিত রাখতে রাজি হয়েছে নাসা।

এই প্রসঙ্গে নাসার এক মুখপাত্র জানান, “নাসার কর্মকর্তারা মামলার খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা করে দেখতে এবং সময় মতো সমাধানের পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিচার বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছেন”।

১৪ অক্টোবর মুখোমুখি হবেন দুই পক্ষের আইনজীবীরা। আদালতকে পুরো ঘটনার বিস্তারিত জানাতে স্পেসএক্সও বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে দ্য ভার্জ।

এই নিয়ে দ্বিতীবারের মতো স্পেসএক্সের সঙ্গে নাসার একক চুক্তির অগ্রগতি বন্ধ করার চেষ্টা করলেন বেজোস ও তার প্রতিষ্ঠান ব্লু অরিজিন। এর আগে যুক্তরাষ্ট্র সরকারের বিধানিক শাখা গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (জিএও)-তে ব্লু অরিজিনের অভিযোগের ফলে নাসার নতুন চন্দ্রযান নির্মাণ চুক্তি স্থগিত ছিলো ৯৫ দিন।

এপ্রিল মাসে নাসার আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে নতুন চন্দ্রযান নির্মাণ চুক্তির নিলামে স্পেসএক্সের কাছে হেরে যায় বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। প্রাথমিক অবস্থায় নাসার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এইচএলএস নির্মাণ চুক্তিতে যাওয়ার কথা থাকলেও বাজেট ঘাটতির কারণে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নেয় নাসা। আর প্রস্তাবিত পরিকল্পনায় সবচেয়ে কম খরচ দেখিয়ে এবং মহাকাশ অভিযানে অতীত সাফল্যের ভিত্তিতে নিলাম জিতে নেয় স্পেসএক্স।

নিলামে হারের পর থেকে বিভিন্নভাবে আর্টেমিস প্রকল্পের অংশ হওয়ার চেষ্টা করে আসছেন বেজোস।  জুলাই মাসে নাসাকে দুইশ’ কোটি ডলারের এককালীন ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ওই প্রস্তাব নাকচ করে দেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

জিএও-এর কাছে নাসার বিরুদ্ধে “অন্যায় আচরণ”-এর অভিযোগ তুলেছিলেন জেফ বেজোস। সম্প্রতি জিএও-থেকেও প্রত্যাখ্যান করা হয়েছে ওই অভিযোগ।

ভার্জ জানিয়েছে, নিলামে হারের পর থেকে স্পেসএক্সের স্টারশিপ সিস্টেমকে বিপজ্জনক বলে প্রচারণা চালিয়েছে আসছে ব্লু অরিজিন। পাশাপাশি মার্কিন কংগ্রেস থেকে নাসার জন্য আরও তহবিল সংগ্রহ করার চেষ্টাও করেছে প্রতিষ্ঠানটি।

ব্লু অরিজিনের বিরোধীতার মুখেও থামেনি স্পেসএক্সের স্টারশিপ প্রকল্পের অগ্রগতি। কয়েক সপ্তাহের মধ্যে স্পারশিপের প্রথম প্রোটাটাইপ মহাকাশ অভিযানের জন্য তৈরি হয়ে যাবে বলে ১৪ অগাস্ট এক টুইটে জানান স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।