অনলাইনে আফগানদের সুরক্ষায় পদক্ষেপ নিচ্ছে ফেইসবুকসহ সামাজিক মাধ্যমগুলো
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে অনলাইন-অফলাইন উভয়ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন আফগানরা। এমন পরিস্থিতিতে অন্তত নিজস্ব প্ল্যাটফর্মে আফগানদের নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুক।
ফেইসবুক জানিয়েছে, তালেবান রোষ থেকে অনলাইনে আফগানদের বাঁচাতে দেশটিতে “ফেইসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডস লিস্ট দেখা এবং সার্চ করার ফিচার” বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমটি।
প্রায় একই রকমের পদক্ষেপ দিয়েছে পেশাজীবীদের নেটওয়ার্কিং সাইট লিংকডইন। আফগানিস্তানের ব্যবহারকারীদের সব ‘কানেকশন’ লুকিয়ে ফেলেছে সাইটটি।
প্রতিপক্ষ ও মার্কিন মিত্রদের চিহ্নিত করতে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারে তালেবান, এই আশঙ্কা থেকে সামাজিক মাধ্যমগুলো ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ফেইসবুকের নিরাপত্তা নীতিমালা বিষয়ক প্রধান নাথানিয়েল গ্লেইশার আফগানদের রক্ষায় নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার।
“আফগানিস্তানের ব্যবহারকারীরা যেন দ্রুত তাদের অ্যাকাউন্ট লক করে ফেলতে পারেন সে জন্য ওয়ান-ক্লিক টুল চালু করেছি আমরা। প্রোফাইল যখন লক থাকবে, বন্ধু নন এমন কেউ ওই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবে না এবং ওই অ্যাকাউন্টের টাইমলাইনের পোস্ট দেখতে পারবে না।”--এক টুইটে জানান গ্লাইচার।
ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম নিয়ে তিনি বলেন, “আফগানিস্তানে নিজের অ্যাকাউন্ট কীভাবে ধাপে ধাপে রক্ষা করতে হবে সেই বিষয়ে পপ-আপ অ্যালার্ট ব্যবস্থা চালু করছি আমরা”।
গ্লেইশার আরও বলেন, “যে কোনো সহযোগিতা দিয়ে সাধারণ জনগনকে রক্ষা করার জন্য এই শিল্পের সঙ্গে জড়িত অন্যান্য, সুশীল সমাজ এবং সরকারের সঙ্গে কাজ করছি আমরা”।
তালেবানদের সব কন্টেন্ট তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ থাকবে বলে নতুন পদক্ষেপের আগেই জানিয়েছিলো ফেইসবুক। তালেবানদের একটি উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করছে সামাজিক মাধ্যমটি।
অন্যদিকে, মাইক্রোব্লগিং সাইট টুইটার বলছে, “আফগানিস্তান পরিস্থিতির খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। সাহায্য সহযোগিতা চাইতেও দেশটির মানুষদের টুইটার ব্যবহার করতে দেখছি আমরা।”
উল্লেখ্য, বিভিন্ন সময় নিজস্ব প্ল্যাটফর্মে তালেবান সমর্থিত কন্টেন্টের প্রচার ঠেকাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছে টুইটার। সম্প্রতি আফগানিস্তানে ক্ষমতা দখলের সময়েও নিজ অনুসারীদের অগ্রগতি নিয়ে জানাতে নিয়মিত টুইটার ব্যবহার করেছে আফগান মুখপাত্ররা।
