চৌম্বকীয় স্ট্রিপ প্রযুক্তি থেকে সরে আসছে মাস্টারকার্ড
আগামীতে গ্রাহকদেরকে আর চৌম্বকীয় স্ট্রিপ সম্বলিত কার্ড দেবে না মাস্টারকার্ড। ২০৩৩ সাল নাগাদ নিজেদের কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডে চৌম্বকীয় স্ট্রিপ ব্যবহার করবে না প্রতিষ্ঠানটি।
ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের ব্যাংক ২০২৪ সাল থেকেই স্ট্রিপ ছাড়া কার্ড ইসু করতে পারবে। মাস্টারকার্ডের দাবি, চৌম্বকীয় স্ট্রিপ প্রযুক্তি বাদ দেওয়া প্রথম লেনদেন প্রতিষ্ঠান তারা। এর বদলে ‘চিপ-অ্যান্ড-পিন’ এবং আঙুলের ছাপ ব্যবহার করে এমন নতুন বয়োমেট্রিক কার্ড ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্য ২০০৬ সালেই সব কার্ড লেনদেনে ‘চিপ-অ্যান্ড-পিন’ প্রযুক্তি নিয়ে এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্রে এখনও কিছু চৌম্বকীয় স্ট্রিপ প্রক্রিয়া রয়েছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।
মাস্টারকার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, চিপ-অ্যান্ড-পিন প্রযুক্তির বৈশ্বিক স্বীকৃতি এমন একটি পর্যায়ে রয়েছে যে চৌম্বকীয় স্ট্রিপ সরিয়ে নেওয়ার কাজ শুরু করার এটাই সঠিক সময়। ধীরগতিতে এ প্রযুক্তি সরিয়ে নেওয়ার ফলে বিভিন্ন লেনদেন প্রতিষ্ঠান চিপ-অ্যান্ড-পিন প্রযুক্তিতে আসার জন্য “দীর্ঘ সময়” পাবে বলেই মনে করছে মাস্টারকার্ড।
যেভাবে এলো চৌম্বকীয় স্ট্রিপ কার্ড
চৌম্বকীয় স্ট্রিপের যাত্রা শুরু হয়েছিল ১৯৬০ এর দশকে। ওই সময়টিতে আইবিএম সিআইএ কর্মীদের জন্য পরিচয় কার্ড তৈরির প্রকল্প নিয়ে কাজ করছিলো।
আইবিএম প্রকৌশলী ফরেস্ট পেরি’র মাথায় আসে চৌম্বকীয় স্ট্রিপে টেপে থাকা এনকোডেড তথ্য প্লাস্টিকের কার্ডে জুড়ে দেওয়ার চিন্তাটি। কিন্তু দুটিকে একত্রে জুড়ে দেওয়া নিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি।
এ সমস্যার হাত থেকে পেরিকে উদ্ধার করেন তার স্ত্রী ডরোথি পেরি। তাপের মাধ্যমে কার্ডে স্ট্রিপ টেপ জুড়ে দেওয়ার চিন্তা করেন তিনি। প্রাথমিকভাবে নিজের ব্যবহৃত আয়রনের মাধ্যমে কাজটি করেছিলেন ডরোথি।
মহামারী যেভাবে বদলে দিচ্ছে লেনদেন
করোনাভাইরাস মহামারীর মুখে মানুষ এখন স্পর্শহীন লেনদেনের দিকে ঝুঁকেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২১ সালের প্রথম প্রান্তিকে কার্ড বা স্মার্টফোন ব্যবহার করে এ ধরনের লেনদেন প্রায় একশ’ কোটিরও বেশি বেড়েছে।
বায়োমেট্রিক লেনদেন নিয়েও পরীক্ষা অব্যাহত রয়েছে। ফেইস রিকগনিশন থেকে শুরু করে হাতের তালু স্ক্যান করে লেনদেন সম্পন্ন হয় এমন প্রক্রিয়ার প্রয়োগও দেখা যাচ্ছে বর্তমানে।
