একাধিক ডিভাইস এলোমেলো ফাইল: যা করবেন, যা করবেন না
স্কুলের হোমওয়ার্ক বা পেশাদারী জীবনের গুরুত্বপূর্ণ ফাইল, প্রিয় মানুষের ফটো বা পছন্দের শিল্পীর জনপ্রিয় গানের মতো বিভিন্ন ফাইল নিয়ে একুশ শতকের প্রযুক্তি প্রেমীদের কাজ নিত্যদিনের। প্রায় সবার ক্ষেত্রেই এই ফাইলগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে একাধিক ডিভাইসে। কিন্তু নির্দিষ্ট কিছু কৌশল মেনে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেতে পারে এই অগোছালো ফাইল বিভ্রাট।
প্রয়োজনীয় ডিজিটাল ফাইলগুলো একজন ব্যবহারকারী কীভাবে গুছিয়ে রাখবেন. ব্যক্তিভেদে সেটি ভিন্ন হবে এটাই স্বাভাবিক। তবে কিছু কৌশল খাটবে সবার ক্ষেত্রেই, প্ল্যাটফর্ম বা ডিভাইস নির্বিশেষে।
এ বিষয়ে এগিয়ে এসেছে স্টোরেজ ডিভাইস নির্মাতা সিগেট। আসুন দেখে নেওয়া যাক কী পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
মুছে ফেলুন পুরোনো ফাইল
সব ফাইল সেইভ করে রাখার যেমন প্রয়োজন নেই, তেমনি পুরোনো ফাইলগুলোও মুছে ফেলতে হবে নিয়মিত। একই ফাইলের একাধিক কপি থাকলেও সেগুলোও রাখার প্রয়োজন নেই। আর সব ইমেইল অ্যাটাচমেন্ট ডাউনলোড করে রাখারও প্রয়োজন পড়ে না। যেমন, ছবির ক্ষেত্রে ফোকাসবিহীন, ঘোলা এবং অপ্রয়োজনীয় ছবি ডিলিট করে দেওয়া যেতে পারে কম্পিউটারে কপি করার সময়, অথবা ডিভাইস মেমোরির উপর চাপ কমানো যেতে পারে সরাসরি ডিভাইস থেকেই ফাইল ডিলিট করে।
সিগেটের ভাষায়- “এ ক্ষেত্রে একেবারে নির্দয় আচরণ করতে হবে” আপনাকে।
নিয়ম মেনে ফাইলের নামকরণ করুন
ফাইলের নামকরণের ক্ষেত্রে নিজস্ব নিয়ম তৈরি করে সেটি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইলের নামকরণের নিয়মগুলো হতে হবে গুছানো এবং যতোটা সম্ভব বিস্তারিত। ধরুন চাকরির আবেদনের জন্য নিজের জীবনবৃত্তান্ত পাঠাতে হবে আপনাকে। কিন্তু ল্যাপটপে সার্চ করলে মিলছে ‘resume1.docx’ নামের ফাইলগুলো। এক্ষেত্রে সবচেয়ে নতুন আর প্রাসঙ্গিক ফাইলটি রেখে মুছে দিতে হবে অন্যগুলো। আর পরবর্তীতে ফাইলগুলো গুছানো যেতে পারে দিন-তারিখ বসিয়ে, অথবা ফাইলের নামে যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সেই প্রতিষ্ঠানের নাম জুড়ে দিয়ে।
কমিয়ে রাখুন ফোল্ডারের সংখ্যা
যতোটা সম্ভব কমিয়ে রাখুন ফোল্ডারের সংখ্যা। এড়িয়ে চলুন ফোল্ডারের ভেতর ফোল্ডার খোলার প্রবণতা। তার মানে এই নয় যে এক ‘ডকুমেন্ট’ ফোল্ডারে সব ফাইল জমিয়ে রাখা ঠিক হবে। ফাইলের ধরন বা কাজের উপর নির্ভর করে ফোল্ডার বানিয়ে রাখুন।
ডাউনলোডের পর থেকেই গোছানো শুরু করুন
কোনো ফাইল ডাউনলোড করার পরপরই নিজের তৈরি নিয়ম মেনে গুছিয়ে ফেলুন ওই ফাইলগুলো। ডাউনলোডের সঙ্গে সঙ্গেই ফটো, মিউজিক বা ডকুমেন্ট ফাইলগুলো সরিয়ে ফেলুন আপনার নিজস্ব ফাইল সিস্টেমের সঠিক জায়গায়। এটা অভ্যাসে পরিণত করতে পারলে সবসময়েই গোছানো থাকবে আপনার ডিভাইসের ফাইলগুলো।
শর্টকাট ব্যবহার করুন
বারবার অ্যাক্সেস করছেন এমন ফাইলগুলোর জন্য শর্টকাট ব্যবহার করা যেতে পারে। বাসার বাজেটের স্প্রেডশিট বা ডাউনলোড করা মিউজিক ফাইলগুলো প্রতিদিনই অ্যাক্সেস করা হলে ওই ফাইলগুলোর জন্য শর্টকাট তৈরি করে রাখাই শ্রেয় হবে। ডেস্কটপেও রাখা যেতে পারে ওই শর্টকাটগুলো। এরফলে সব ফাইল দিন তারিখ বা কাজের হিসেবে সাজিয়ে রাখলেও নিত্যদিনের প্রয়োজনীয় ফাইল অ্যাক্সেস করা যাবে এক ক্লিকে।
ডিভাইসে ফাইলগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে সাজিয়ে রাখতে পারলে কার্যপ্রণালী অনেক সহজ হয়ে যাবে ব্যবহারকারীর জন্য। কোনো ক্লাউড সেবায় ফাইল রাখলে যে কোনো ডিভাইস থেকে ওই ফাইলগুলো অ্যাক্সেসের সুবিধা পাবেন ব্যবহারকারী। এ ক্ষেত্রে ফাইল গুছানোর আলাদা সফটওয়্যারের ব্যবহারও মন্দ নয়। তবে দিন শেষে পুরো ব্যবস্থাটি নির্ভর করবে ব্যবহারকারীর নিজের উপর। আর নিজস্ব নিয়ম মেনে ফাইলগুলো গুছিয়ে রাখতে পারলেই ব্যবহারকারীর ফাইল বিভ্রাট কমে আসবে অনেকখানি।
