তুলনামূলক সস্তা হতে পারে স্যামসাংয়ের নতুন ইয়ারবাডস
স্যামসাংয়ের নতুন ওয়্যারলেস ইয়ারবাডসের দাম আগের মডেলের তুলনায় সস্তা হতে পারে। কাউন্টারপয়েন্ট রিসার্চ সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে। এ সপ্তাহেই নিজেদের নতুন ‘গ্যালাক্সি বাডস ২’ আনার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
নিজেদের ওয়্যারএবল পণ্যের ‘প্রিমিয়াম সেগমেন্ট’ এর পরিসর বাড়াতে চাইছে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্ট। বুধবারের অনুষ্ঠিতব্য ‘আনপ্যাকড’ আয়োজনে শুধু স্যামসাংয়ের নতুন ইয়ারবাডস নয়, নতুন ফোল্ডএবল স্মার্টফোনের দেখা মিলবে বলেও ধারণা করা হচ্ছে।
জানুয়ারিতে ‘গ্যালাক্সি বাডস প্রো’ অবমুক্ত করেছিল স্যামসাং। বাজার গবেষক কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, গ্যালাক্সি বাডস প্রো -এর তুলনায় সস্তা দামের নতুন হিয়ারএবলস পণ্যের দেখা মিলতে পারে। এ প্রসঙ্গে কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যৈষ্ঠ বিশ্লেষক লিজ লি বলেছেন, “ফিচারের দিক থেকে, আমি গ্যালাক্সি বাডস প্রো’র তুলনায় বড় কোনো পার্থক্যের আশা করছি না।”
তিনি আরও বলেন, “গ্যালাক্সি বাডস প্রো’র তুলনায় দাম ১০-২০ শতাংশ কম হবে বলে আশা করছি আমরা, এতে এটি গিয়ে ঠেকবে একশ’ ৬০ ডলার থেকে একশ’ ৮০ ডলারের সীমায়।”
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, বিক্রি ভালো হলে ওয়্যারলেস ইয়ারবাডস বাজারে স্যামসাংয়ের বাজার শেয়ার ১৮ শতাংশ রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকতে পারে বা তার চেয়ে বেশিও হতে পারে বলে মনে করছেন লি।
“এটা হবে কি না তার সবচেয়ে বড় নির্ধারক হলো গ্যালাক্সি বাডস ২ এর দাম কতো হচ্ছে সে বিষয়টি।” – বলেছেন লি। তিনি আরও জানান, গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে সব প্রবৃদ্ধিকে দ্রুত গতিতে পেছনে ফেলে এসেছে স্যামসাং। তবে, এ বছরের শেষ নাগাদ অ্যাপলের এয়ারপডস ৩ আসার পর দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
এ প্রসঙ্গে লি বলেছেন, “স্যামসাংয়ের জন্য ঝুঁকি বয়ে আনছে দ্বিতীয়ার্ধ, যেহেতু দুই বছর পর প্রথমবারের মতো নতুন এয়ারপডস ৩ আসছে, সেহেতু অনেক আপগ্রেডার থাকবেন এবং চাহিদাও বাড়তি থাকবে।”
এছাড়াও লি বলেছেন, “স্যামসাংয়ে যে কোনো মূল্য চমকের প্রতিক্রিয়া দেওয়ার মতো এবং সবসময়ের-দৃঢ় ফিচার ও আইফোন ১৩ এর সম্ভাব্য অবমুক্তকরণ সময়কে কাজে লাগানোর মতো ক্ষমতা রয়েছে অ্যাপলের।”
