সফটওয়্যার ত্রুটি: ফের সাইবার হামলায় সোলারউইন্ডস
সম্প্রতি সফটওয়্যার প্রতিষ্ঠান সোলারউইন্ডস আবার হ্যাকারদের কবলে পড়ার খবর জানিয়েছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির দুটি প্রোগ্রামের সফটওয়্যার ত্রুটির সুযোগ নিয়ে “সীমিত সংখ্যক এবং লক্ষ্য নির্ধারিত গ্রাহকের” উপর হামলা চালিয়েছে।
সোলারউইন্ডস বলছে, ওই ত্রুটির ব্যাপারে প্রতিষ্ঠানটির আগে থেকে জানা ছিলো না। সপ্তাহান্তেই এক বিবৃতিতে গোটা বিষয়টি প্রতিষ্ঠানটি তুলে ধরেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে, জড়িত হ্যাকারদের শনাক্ত করেনি সোলারউইন্ডস। এর সঙ্গে আগের হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিবৃতির সঙ্গে সংযুক্ত এক প্রশ্নোত্তর পেইজে সোলারউইন্ডস লিখে রেখেছে, গত বছরের সরকারি নেটওয়ার্কে হামলার সঙ্গে এটি “কোনোভাবেই সংশ্লিষ্ট নয়”। যুক্তরাষ্ট্র সে সময় অভিযোগ তুলেছিল, রাশিয়ান হ্যাকাররা ওই হামলা চালিয়েছে।
দেশটির ভাষ্যে, গোটা কর্মকাণ্ডটাই ছিল এক গুপ্তচরবৃত্তি কার্যক্রম। এতে টেক্সাসভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে আগে থেকেই নির্ধারণ করে রাখা নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা।
সোলারউইন্ডস সাম্প্রতিক হামলায় “সম্ভাব্য আক্রান্ত গ্রাহকদের পরিচয়” সম্পর্কে জানে না বলেও উল্লেখ করেছে।
সোলারউইন্ডসের সফটওয়্যার প্রোগ্রামে থাকা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করেছেন মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গবেষকরা। এ ব্যাপারে মাইক্রোসফট কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, সোলারউইন্ডসের মন্তব্যও তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।
মে মাসের শেষে এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছিল, সোলারউইন্ডসের ওপর সাইবার আক্রমণকারী দলটি বিভিন্ন ধরনের মার্কিন প্রতিষ্ঠানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি লিখেছিল, “আমরা লক্ষ্য করেছি সাইবার হুমকি দাতা নোবেলিয়াম মার্কিন সরকারি সংস্থা, থিঙ্ক ট্যাঙ্ক, পরামর্শক প্রতিষ্ঠান এবং এনজিওগুলিকে লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে”।
