২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের হুয়াওয়ের সিদ্ধান্ত হতাশাজনক ও ভুল: চীনা রাষ্ট্রদূত

হুয়াওয়েকে যুক্তরাজ্যের ৫জি নেটওয়ার্ক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে “হতাশাজনক ও ভুল” বলেছেন যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2020, 07:17 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

“হুয়াওয়ের ব্যাপারে যুক্তরাজ্যের নেওয়া সিদ্ধান্ত হতাশাজনক ও ভুল। অন্য দেশের প্রতিষ্ঠানকে যুক্তরাজ্য উন্মুক্ত, যথযথ এবং বৈষম্যহীন ব্যবসা পরিবেশ দিতে পারে কি না  সে বিষয়টিই প্রশ্নবিদ্ধ হয়ে উঠলো এর মধ্য দিয়ে”। - এক টুইটে লিখেছেন লিউ।

নিজ দেশের গোটা মোবাইল নেটওয়ার্ক থেকেই ২০২৭ সালের মধ্যে হুয়াওয়েকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

হুয়াওয়েকে কয়েক বছর আগে থেকেই নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে, অভিযোগটি বরাবরই অস্বীকার করে এসেছে হুয়াওয়ে।

যুক্তরাজ্যের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হুয়াওয়েকে “অনিরাপদ” আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা অনেক দেশকে রাজি করিয়েছি, অনেক দেশ – এবং এর অধিকাংশই আমি নিজে করেছি – হুয়াওয়ে ব্যবহার করতে মানা করেছি কারণ আমরা মনে করি এর অনিরাপদ নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এটি অনেক বড় নিরাপত্তা ঝুঁকি”। - বলেছেন ট্রাম্প।