বেলজিয়ামে সমুদ্রসৈকতে ‘ভিড় সীমিত রাখবে’ মোবাইল ট্র্যাকিং
লকডাউন তুলে দিলেও করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে শঙ্কিত বিশ্বের বহু দেশ। এর ব্যতিক্রম নয় বেলজিয়াম-ও। এবার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মানুষের সমুদ্রসৈকতে যাওয়া সীমিত রাখতে চাইছে দেশটি।
শনিবার থেকে খুলছে বেলজিয়ামের সমুদ্রসৈকত। এতে করে একদিকে করোনাভাইরাস সংক্রমণ এতে বাড়তে পারে এমন শঙ্কা রয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তাদের, অপরদিকে সমুদ্রসৈকত বন্ধ করতে নারাজ উপকূলবর্তী শহরগুলো। ফলে মাঝামাঝি সমাধান হিগসেবে মোবাইল ট্র্যাকিং প্রক্রিয়া ব্যবহার করে সমুদ্রসৈকতে জনসমাগম সীমিত রাখার পথে এগুচ্ছে দেশটি। -- খবর রয়টার্সের।
সমুদ্র তীরবর্তী ১০টি এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৈকতে থাকা মোবাইল ফোনগুলো শনাক্ত করবে এবং সে তথ্য সরাসরি একটি ওয়েবসাইটে দেখাবে। গাঢ় সবুজ রং দেওয়া থাকলে বুঝতে হবে সমুদ্রসৈকত নিড়িবিলি রয়েছে, আর কমলা থাকলে বুঝতে হবে সমুদ্রসৈকতে মানুষের চাপ বেশি।
এ ছাড়াও শহরের ১৩০টি সেন্সর, কোন স্থানে মানুষের চাপ বেশি তা চিহ্নিত করতে পারবে। ওয়েবসাইটটি প্রত্যাশা করছে, আসন্ন দিনে রিসোর্টগুলো কতোটা অতিথির চাপে থাকবে, সে সম্পর্কিত তথ্যও দিতে পারবে। “আমরা ‘বিচ বাবল’ নামে এটিকে প্রয়োগ করেছি, যেখানে একটি পরিবার বা বন্ধু একটি নিরাপদ পন্থায় একত্রিত হতে পারবে এবং কতটুকু দূরত্বে থাকা উচিত তা দেখতে পারবে”। বলেছেন দেশটির টুরিজম টাইন কাউন্সিলর অ্যান্টনি উইটিসেল।
বেলজিয়ামে শুধু পর্যটন মৌসুম চলাকালে সমুদ্রে সাঁতার কাটার অনুমতি রয়েছে, এ সময়টিতে লাইফগার্ড উপস্থিত থাকে। এবারের মৌসুম মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে শুরু হয়েছে জুনে, চলবে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত।
