করোনাভাইরাস: ফ্লোরিডায় ফের বন্ধ হচ্ছে ১৪ অ্যাপল স্টোর
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অঙ্গরাজ্যটিতে ফের ১৪টি বিক্রয় কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল। শুক্রবার থেকে বন্ধ থাকবে বিক্রয় কেন্দ্রগুলো।
কোভিড-১৯ প্রকোপে গত সপ্তাহ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ফের বিক্রয় কেন্দ্র বন্ধ রাখছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। বুধবার টেক্সাসে সাতটির পাশাপাশি গত সপ্তাহে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা এবং অ্যারিজোনায় ১১টি বিক্রয় কেন্দ্র বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
ফ্লোরিডার নতুন ১৪টি মিলিয়ে যুক্তরাষ্ট্রে মোট অ্যাপলের বন্ধ বিক্রয় কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৩২টি-- খবর সিএনবিসি’র।
বিবৃতিতে অ্যাপলের এক প্রতিনিধি বলেছেন, “কিছু অঞ্চল যেখানে আমাদের কার্যক্রম রয়েছে, সেখানে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে বিক্রয় কেন্দ্র বন্ধ করছি। আমরা যেহেতু পরিস্থিতি নীবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, সতর্কতার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।”
মার্চ মাসে কোভিড-১৯ মহামারীর শুরুতে যে প্রতিষ্ঠানগুলো প্রথমে বিক্রয় কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, তার একটি অ্যাপল।
সম্প্রতি স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা, তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং শারীরিক দূরত্ব বজায় রেখে কিছু বিক্রয় কেন্দ্র পুনরায় চালু করেছে প্রতিষ্ঠানটি।
মে মাসের শেষের দিকে লকডাউন শিথিল হতে থাকলে যুক্তরাষ্ট্রে প্রায় ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা হাতে নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু প্রকোপ বাড়তে থাকায় এবারে ফের শাটার নামছে বিক্রয় কেন্দ্রগুলোয়।
