টেনসন্টের পকেটে মালয়েশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম
মালয়েশিয়ার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্সের ‘কনটেন্ট, প্রযুক্তি এবং সম্পদ’ এখন চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের মালিকানায়। বৃহস্পতিবার টেনসেন্ট আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, দক্ষিণপূর্ব এশিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। আইফ্লিক্সের ‘আন্তর্জাতিক, স্থানীয় এবং আসল’ কনটেন্টের মাধ্যমে নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা উইটিভি’র ব্যাপ্তি বাড়ানোর পরিকল্পনা করেছে টেনসেন্ট। থাইল্যান্ডে ২০১৯ সালে যাত্রা শুরু করে উইটিভি।
মালিকানা হাত বদলের চুক্তিতে লেনদেন কত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে রাজি হননি টেনসেন্ট মুখপাত্র। বুধবার খবরটি প্রথমে প্রকাশ করে শো-বিজ ও মিডিয়াবিষয়ক মার্কিন প্রকাশনা ভ্যারাইটি। ভ্যারাইটির প্রতিবেদন বলছে, মালিকানা হাতবদলের চুক্তিটি ‘কয়েক কোটি ডলার’ মূল্যমানের।
গত বছর অস্ট্রেলিয়ার পাবলিক লিস্টিংয়ে নিজেদের মূল্যমান একশ’ কোটি ডলার নির্ধারণ করেছিল আইফ্লিক্স। ভ্যারাইটির প্রতিবেদন সত্যি হলে সে মূল্যমানের চেয়ে অনেক কমেই বিক্রি হয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে আইফ্লিক্সের দক্ষিণপূর্ব এশিয়াতে আড়াই কোটিরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বেশ ভালো পরিমাণ ক্ষতি ও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আইফ্লিক্স।
