‘অবস্থান ও ওয়েব হিস্ট্রি’ ১৮ মাস অন্তর মুছে দেবে গুগল
আপাতদৃষ্টিতে খবরটি আহামরি অগ্রগতি মনে না-ই হতে পারে। ব্যবহারকারীদের অবস্থান সম্পর্কিত কিছু ডেটা ১৮ মাস পার হলেই স্বযংক্রিয়ভাবে মুছে দেবে গুগল, তবে সেটা কেবল নতুন ব্যবহারকারীদের বেলায়। আর ইউটিউবের বেলায় এই মুছে দেওয়ার কাজটি গুগল করবে ৩৬ মাস বা তিন বছর পরে।
গুগল বলছে, নতুন নিয়মের ফলে "ট্র্যাকিংয়ের শিকার না হয়েই ব্যবহার করা যাবে গুগলের সার্চ, ম্যাপস এবং ইউটিউব অ্যাপস"। আর, এই ১৮ বা ৩৬ মাসের হিসেবটি ঢালাও হলেও ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়ে সময়টি নিজেও ঠিক করে দিতে পারবেন। -- খবর রয়টার্সের।
ডেটা সংগ্রহ নীতি নিয়ে সমস্যার মধ্যে রয়েছে গুগল। সম্প্রতি বড় ধরনের তদন্তেরও সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়া ও ইউরোপ এরই মধ্যে প্রণয়ন করেছে নতুন গোপনতা আইন। গত দুই বছর ধরে ওই আইন মেনে ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা নীতি বদলাতে ক্রমাগত চাপ আসছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দিক থেকে। ভোক্তা এবং মার্কিন কর্তাব্যক্তিরা বেশ কিছু মামলায় গুগলের বিরুদ্ধে ডেটা সংগ্রহের অভিযোগ করেছেন।
সাম্প্রতিক সময়ে এসব কারণেই আপডেটটি এনেছে গুগল। কিন্তু আপডেট যা-ই বলুক না কেন, ডেটা সংগ্রহ কিন্তু একেবারে থামাবে না মার্কিন এ প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, অন্যান্য পন্থায় গুগল অবস্থান ডেটায় প্রবেশাধিকার পাবে এবং অবস্থান বিস্তারিত সংগ্রহ করবে।
সার্চ, ম্যাপস বা ইউটিউব অ্যাপসের ‘প্রোফাইল পিকচারে’ ট্যাপ করে আরও সহজে ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করতে পারবেন গুগল ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের ইনকগনিটো মোডের কার্যক্রম গুগল সংগ্রহে রাখে না বলে সাফাই গাইলেও ঠিক এই অভিযোগেই গুগলের বিরুদ্ধে মামলাও হয়েছে সম্প্রতি।
বিজ্ঞাপন থেকেই গুগলের বেশিরভাগ মুনাফা আসে। ব্যবহারকারী কী দেখছেন বা পড়ছেন এবং কোথায় অবস্থান করছেন, সেগুলোর ভিত্তিতে বিজ্ঞাপন দেখিয়ে থাকে প্রতিষ্ঠানটি। গত বছর অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই জানিয়েছিলেন, বিজ্ঞাপনের জন্য যা প্রয়োজনীয়, তার চেয়ে বেশি ডেটা সংগ্রহ করা হয়। সেসময় ডেটা সংগ্রহ কমানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
