২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের পরীক্ষা শুরু করলো স্পেন

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এবার কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে স্পেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2020, 04:52 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

শুক্রবার মরোক্কোর অদূরে ক্যানারি দ্বীপপুঞ্জের গোমেরা দ্বীপে অ্যাপটি উন্মুক্ত করবে দেশটি। পরীক্ষার জন্য অ্যাপ ব্যবস্থায় কয়েকশ' ‘ভুয়া’ আক্রান্ত ব্যক্তির তথ্য ইনপুট দবে স্পেন। ভুয়া এই ইনপুটগুলোকে বলা হচ্ছে ‘সিমুলেটর’।-- খবর রয়টার্সের।

স্পেন সরকারের দাবি, ব্যবহারকারী করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছাকাছি সংস্পর্শে এলে সতর্ক করবে অ্যাপটি।

সরকারের এক মুখপাত্র বলেন, “এখানে ধারণাটি হচ্ছে, প্রায় তিন হাজার ব্যক্তি অ্যাপটি ডাউনলোড করবেন এবং আমরা আরও প্রায় তিনশ’ সিমুলেটর, বেটা পরীক্ষক ইনপুট দেবো, যাতে ১০ শতাংশ জনগণের মধ্যে মহামারীর অনুকরণ দেখানো যায়।”

অ্যাপটিতে গ্রাহকের গোপনতা রক্ষা করতে ‘কনট্যাক্ট রেকর্ড’ কেন্দ্রীয় সার্ভারের বদলে ডিভাইসেই মজুদ করবে অ্যাপটি, অ্যাপল-গুগলের প্রযুক্তির মাধ্যমে।

শুক্রবার থেকে দুই সপ্তাহের জন্য পরীক্ষা শুরু করবে স্পেন। এই পরীক্ষা থেকেই দেশটি সিদ্ধান্ত নেবে অ্যাপটি দেশ জুড়ে উন্মোচনের জন্য প্রস্তুত কি না।

তিন লাখ ৭৫ হাজার মার্কিন ডলারে পাইলট প্রকল্পটি ব্যবস্থাপনার চুক্তি পেয়েছে প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইনদ্রা।

জনপ্রিয় পর্যটন শহর তেনেরিফের নিকটবর্তী গোমেরার বাসিন্দা প্রায় ২২ হাজার।

করোনাভাইরাস মহামারীতে স্পেনে মারা গেছেন ২৮ হাজারের বেশি ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কঠোর লকডাউন থেকে বেরিয়ে আসছে দেশটি।