২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ইমেজ সার্চে আসছে ‘ফ্যাক্ট-চেক’ লেবেল

এবার বিশ্বব্যাপী গুগল ইমেজ সার্চ ফলাফলে ‘ফ্যাক্ট-চেক’ বা সত্যতা যাচাইকরণ লেবেল সাঁটানো শুরু করবে গুগল। মহামারীর সময়ে অনলাইনে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ে যথেষ্টই চাপের মুখে রয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 02:28 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

রয়টার্সের প্রতিবেদন বলছে, ইমেজ সার্চ ফলাফলের থাম্বনেইলের ঠিক নিচেই সত্যতা যাচাইকরণ লেবেল দেখাবে গুগল। আগে থেকেই সাধারণ সার্চ ফলাফল ও গুগল নিউজে এ ধরনের লেবেল দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।

এপ্রিল থেকে ইউটিউব ভিডিওতেও ফ্যাক্ট-চেক লেবেল দেখাচ্ছে গুগল, মার্কিন ব্যবহারকারীরা ওই লেবেল দেখতে পাচ্ছেন।

নভেল করোনাভাইরাস মহামারীর এ সময়টিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার হার। অনলাইনে মিথ্যা তথ্যের বিস্তার ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে, একের পর এক পদক্ষেপ আর ব্যবস্থাও নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কিন্তু ঠিক যেন সামলে উঠতে পারেছ না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন করোনাভাইরাস সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্বের ভিডিও। ‘প্ল্যানডেমিক’ নামের ওই ষড়যন্ত্র তত্ত্বের ভিডিওটি তথ্যচিত্র ধাঁচে সাজানো এবং এর নির্মাণ কৌশল গতানুগতিক ষড়যন্ত্র তত্ত্ব ভিডিও-এর চেয়ে উন্নত বলে এক প্রতিবেদনে জানিয়েছিল বিবিসি।

মে মাসের শুরুতেই ওয়েবে প্রকাশ পায় ভিডিওটি । ওই ভিডিওর দাবি ছিল, জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ রাখতে মৃতের সংখ্যা ভ্রান্তভাবে উপস্থাপন করছে কর্তৃপক্ষ।