কোভিড-১৯: ভারতে বড় ধরনের ফিশিং আক্রমণের শঙ্কা
বড় ধরনের একটি ‘ফিশিং অ্যাটাক’ হতে পারে বলে জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারত সরকার। কোভিড-১৯ বিষয়ে অফিশিয়াল তথ্যের অনুকরণ করে গ্রাহকদের বোকা বানিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে দেশটি।
সাধারণত, বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের ছদ্মবেশে ইমেইলে গ্রাহককে বিভন্ন লিঙ্ক বা তথ্যের মাধ্যমে বোকা বানিয়ে তার তথ্য হাতিয়ে নেওয়ার মতো সাইবার হামলাগুলোকেই ফিশিং অ্যাটাক বলা হয়।
এক টুইট বার্তায় ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি জানিয়েছে, আজ থেকেই কুচক্রী দল ফিশিং অ্যাটাক শুরু করতে পারে। সন্দেহজনক ইমেইল অ্যাড্রেসটি হতে পারে ncov2019@gov.in -- খবর এনডিটিভির।
ভারতীয় নাগরিকদেরকে সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করে সিইআরটি দল।
বিবৃতিতে সিইআরটি বলছে, “সরকারি তহবিলে কোভিড-১৯ সহায়তা কার্যক্রমের সঙ্গে জড়িত স্থানীয় কর্তৃপক্ষের ছদ্মবেশে ক্ষতিকর ইমেইল ব্যবহার করে ফিশিং অ্যাটাক শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। ইমেইলগুলোর মাধ্যমে গ্রাহককে বোকা বানিয়ে কোনো ভুয়া ওয়েবসাইটে নিয়ে ক্ষতিকর ফাইল ডাউনলোড করতে বা ব্যক্তিগত এবং আর্থিক তথ্য ইনপুট দিতে বলা হতে পারে।”
“ক্ষতিকর লোকদের দাবি, তাদের কাছে ২০ লাখ ভারতীয় নাগরিকের ব্যাক্তিগত ইমেইল আইডি রয়েছে এবং দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং আহমেদাবাদের বাসিন্দাদেরকে ‘বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা’ শিরোনামে একটি ইমেইল পাঠানোর পরিকল্পনা করছে, এবং ওই মেইলে তাদের ব্যক্তিগত তথ্য ইনপুট দিতে বলা হবে।”
সিইআরটি’র বিবৃতি আরও বলছে, “ক্ষতিকর ব্যক্তিরা বিভিন্ন কর্তৃপক্ষের ভুয়া ইমেইল আইডিও তৈরির পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে, ভারতীয় নাগরিক এবং ব্যবসাকে লক্ষ্য করে ফিশিং হামলায় যে ইমেইল আইডি ব্যবহার করা হবে, তা ‘ncov2019@gov.in’ এমনটা হতে পারে এবং ফিশিং হামলাটি ২১ জুন, ২০২০ থেকেই শুরু হতে পারে।”
গ্রাহককে অযাচিত ইমেইলের কোনো অ্যাটাচমেন্ট না খোলার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থাটি, এমনকি ইমেইল যদি নিজের কনটাক্ট লিস্টের কারও কাছ থেকেও আসে।
