‘জুনটিনথ’ ফিল্টার এনে বিপাকে স্ন্যাপ!
লেনস-এ ‘জুনটিনথ’ থিমের ফিল্টার দিয়েছিল স্ন্যাপ। পরে ক্ষমা চেয়ে ওই ফিল্টার সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
জুনের ১৯ তারিখ যুক্তরাষ্ট্রে দাস প্রথার অবসান ঘটেছিল। ঐতিহাসিক দিনটিকে উদযাপন করতেই নতুন ফিল্টার এনেছিল স্ন্যাপ। ওই ফিল্টারে ব্যবহারকারীর পেছনে ‘প্যান-আফ্রিকান’ পতাকা ও শিকল ভেসে উঠছিল। ফিল্টার ব্যবহারের সময় অ্যাপটি ব্যবহারকারীকে হাসতে অনুরোধ করে এবং হাসির সঙ্গেসঙ্গেই শিকলটি ভেঙে যাওয়ার অ্যানিমেশন ভেসে উঠতো পর্দায়। -- খবর রয়টার্সের।
এ প্রসঙ্গে স্ন্যাপ মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “স্ন্যাপ টিম সদস্যদের বৈচিত্র্যময় এক গ্রুপ এই ধারণার পেছনে কাজ করেছে, কিন্তু লেনস-এর যে লাইভ সংস্করণ স্ন্যাপচ্যাটাররা দেখেছেন তা অননুমোদিত”। ‘ভুলের’ তদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ‘মুক্তি সনদের’-এর মধ্য দিয়ে দাস প্রথার অবসান ঘটে যুক্তরাষ্ট্রে। মার্কিন গৃহযুদ্ধের পর ১৮৬৫ সালের ১৯ জুন টেক্সাসে ঘোষিত হয় ওই মুক্তির ঘোষণা। এ দিনটি যুক্তরাষ্ট্রে ‘জুনটিনথ’ নামে পরিচিত।
টুইটার, নাইকি’র মতো বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে কর্মীদের জন্য দিনটিকে ছুটি হিসেবে ঘোষণা করেছে।
