পেইপ্যালের ভেনমো অ্যাপেই ডেবিট কার্ড
নিজেদের মোবাইল অ্যাপ ভেনমো-তে ব্যবরকারীদের জন্য ডেবিট কার্ড আনছে পেইপ্যাল, সোমবার অনলাইন লেনদেনদাতা প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।
২০১৩ সাল থেকে পেইপ্যালের অঙ্গীভূত ভেনমোকে যুক্তরাষ্ট্রে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের জন্য অন্যতম ‘জনপ্রিয়’ মোবাইল অ্যাপ হিসেবে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
এখন ভেনমো ব্যবহারকারীদের কোথাও অর্থ পরিশোধের জন্য অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর দরকার নেই। ভেনমো’র মাস্টারকার্ড ডেবিট কার্ড দিয়ে তারা সরাসরি তাদের অ্যাপ থেকেই অর্থ পরিশোধ করতে পারবেন।
এই ডেবিট কার্ড আনার মাধ্যমে পেইপ্যাল ডিজিটাল লেনদেন বিশেষকরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেনের খাতে প্রতিদ্বন্দীদের উপর আধিপত্য সৃষ্টির আশা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভেনমো ডেবিট কার্ড এখন সীমিত সংখ্যায় ছাড়া হবে, এই কার্ড ইসু করবে ব্যাংককর্প ব্যাংক। ডেবিট কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ চারশ’ ডলার উত্তোলন করা যাবে।
