২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরামদায়ক ভিআর হেডসেট আনছে অ্যাপল

হালকা ওজনের আরামদায়ক হেডসেট আনতে নতুন পেটেন্ট আবেদন করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 01:32 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

মাইক্রোসফট এবং ফেইসবুক মালিকানাধীন অকুলাস ভিআর-এর অগমেন্টেড রিয়ালিটি বা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের চেয়ে অনেক হালকা হবে এই হেডসেট, বলা হয়েছে ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে।

মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস-এর প্রকাশিত ওই পেটেন্ট আবেদনে বলা হয়েছে, অ্যাপল এমন একটি ‘হেড-মাউন্টেড’ পর্দার কথা চিন্তা করেছে যা দারুণভাবে ভিআর বা এআর হেডসেটের আকার কমিয়ে আনবে।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ডিভাইসটিকে বলা হয়েছে ‘অপটিকাল সিস্টেম ফর হেড-মাউন্টেড ডিসপ্লে’। পেটেন্ট নথিতে দেখা গেছে অনেকগুলো লেন্স থাকবে হেডসেটটিতে। বর্তমানে হেডেসেটের যে নকশাগুলো রয়েছে তার চেয়ে অনেকটা হালকা ও আকারে পাতলা হবে এটি।

পেটেন্ট আবেদনে অ্যাপল আরও আলোকপাত করেছে যে, ডিভাইসটি “হয়তো ব্যবহারকারীর পরিশ্রম কমাবে এবং বেশি সময় ধরে ডিভাইসটি ব্যবহার করা যাবে।”

হেডসেটটতে ‘ক্যাটাডায়োপট্রিক’ ব্যবস্থা থাকবে। এতে অপটিকাল টেলিস্কোপস, মাইক্রোস্কোপস এবং টেলিফটো লেন্স ব্যবহার করা হবে।