২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ের ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র ফোন বাংলাদেশে

বাংলাদেশের বাজারে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মেট টেন প্রো’ এনেছে হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 12:37 AM

Updated : 12 Apr 2022, 12:59 AM

মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে এই স্মার্টফোনটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের ডিভাইস বিজনেসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন, “হুয়াওয়ে মেট টেন প্রো পৃথিবীর প্রথম স্মার্টফোন, যা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহারকারী থেকে শিখতে পারবে এবং সেই জ্ঞান দিয়ে আরও কার্যকারী পারফর্মেন্স দেবে।”

হুয়াহয়ে জানায়, এই হ্যান্ডসেটের হার্ডওয়্যারে রয়েছে কিরিন ৯৭০ চিপসেট ও ইএমইউআই ৮ অপারেটিং সিস্টেম, যা ব্যবহার অনুযায়ী নিজের সেটিংসে পরিবর্তন আনবে।

এছাড়া এতে রয়েছে অক্টাকোর প্রসেসর, যার ফলে অন্যান্য স্মার্টফোনের তুলনায় এর গতি ৬০ শতাংশ পর্যন্ত বেশি।

হ্যান্ডসেটটিতে ছয় ইঞ্চি ফুলভিউ এইচডি গরিলা গ্রাস ফাইভ ডিসপ্লে, ডুয়েল সিম ব্যবহার সক্ষমতা, চার হাজার অ্যাম্পেয়ার ব্যাটারি, ১২৮ জিবি রম (ইন্টারনাল মেমরি) ও ৬ জিবি র‍্যাম রয়েছে।

সেই সাথে এতে সংযোজন করা হয়েছে লাইকা ডুয়েল ক্যামেরা (১২ মেগাপিক্সেল আরবিজি ও ২০ মেগাপিক্সেল মনোক্রোম); ক্যামেরার অ্যাপাচার ১.৬।

সম্পূর্ণ পানিরোধক এই হ্যান্ডসেটটি মিলবে লাল, নীল, খয়েরি ও গোলাপি- চারটি রঙে। দাম ধরা হয়েছে ৮০ হাজার ৯০ টাকা।

অনুষ্ঠানে অ্যারন বলেন, “অ্যান্ডরয়েড অথরিটি মেট টেন প্রো-কে ২০১৭ সালের সেরা স্মার্টফোন স্বীকৃতি দিয়েছে, সেই সাথে ডিভাইসে তোলা স্থিরচিত্রের রেটিং প্রদানকারী ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান ডিএক্সওমার্ক এটিকে একশতে একশ দিয়েছে।”

আগামী ৪ জানুয়ারি থেকে হুয়াওয়ের যে কোনো ব্র্যান্ড শপে পাওয়া যাবে হ্যান্ডসেটটি। তবে আগ্রহীরা এখনই মোবাইলে আগাম বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে HW<space<mate10pro লিখে ৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। এছাড়া অনলাইনেও বুকিং দেওয়ার সুযোগ রয়েছে।

বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে পণ্য ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০১৭ সালে ফোর্বসের করা ‘ওয়ার্ল্ড’স মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ২০১৭’ তালিকায় ৮৮তম স্থান অর্জন করে। ব্র্যান্ডটির মার্কেট ভ্যালুর পরিমাণ ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের স্মার্টফোন বাজারের ২০ শতাংশ ও ফোরজি ডিভাইস বাজারের ২৬ শতাংশ মার্কেট শেয়ার এখন হুয়াওয়ের দখলে বলে মনে করা হয়।