২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যার ভিডিওতে আইফোন X, চাকরি খোয়ালেন বাবা

বাজারে ছাড়ার আগেই এক তরুণীর ছাড়া ভিডিওতে দেখা যায় অ্যাপলের সর্বশেষ আইফোন X।  ইউটিউবে ভাইরালও হয়ে যায় ভিডিওটি। এ ঘটনায় চাকরি হারাতে হয়েছে ওই তরুণীর বাবাকে, যিনি অ্যাপলে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

চলতি সপ্তাহের শুরুতে পোস্ট করা ওই ভিডিওতে ব্রুক অ্যামেলিয়া পিটারসন নামের ওই তরুণী অ্যাপল ক্যাম্পাসে নিজের ভ্রমণের ভিডিও ধারণ করেন। সেখানে তাকে আইফোন X হাতে দেখা যায় বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই ভিডিও ফুটেজে আইফোন X-টির গায়ে বিশেষ কিউআর কোডও দেখা যায়। এই কিউআর কোড শুধু কর্মীদের জন্যই দেওয়া হয়।

শনিবার মার্কিন সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, আইফোন X-টিতে একটি অ্যাপ দেখা যায় যাতে বাজারে ছাড়া হয়নি এমন অ্যাপল পণ্যগুলোর কোডনেইম প্রদর্শিত হয়।

পিটারসন দাবি করেন, তার বাবাকে এই ভিডিও’র জন্য বহিষ্কার করা হয়েছে। তার এই ভিডিও অ্যাপলের প্রাতিষ্ঠানিক নীতিমালা লঙ্ঘন করেছে। অ্যাপল কার্যালয়ে কোনোরকম ভিডিও ধারণ করায় নিষেধাজ্ঞা আছে। 

পিটারসন-কে এই ভিডিওটি সরাতে অনুরোধ করেছে অ্যাপল। কিন্তু এর আগেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।