স্যামসাং গিয়ার ফিট ২ প্রো-তে অ্যাপলের বাধা
স্যামসাংয়ের গিয়ার ফিট ২ প্রো’র জন্য এখন বাধা হয়ে দাঁড়িয়েছে অ্যাপল। উন্মোচনের সময় বলা হয়েছিল অ্যান্ড্রয়েড বা আইওএস উভয় ডিভাইসের সঙ্গেই ব্যবহার করা যাবে ফিটনেস ট্র্যাকার ডিভাইসটি।
চলতি বছরের অগাস্টে নতুন এই ডিভাইস উন্মোচন করে স্যামসাং। সেপ্টেম্বরের ১৫ তারিখ হতে গিয়ার ফিট ২ প্রো-এর বিক্রিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বিক্রি শুরু হলেও এখনও অ্যাপ স্টোরে ডিভাইসটির জন্য প্রয়োজনীয় আইওএস অ্যাপের অনুমোদন দেয়নি অ্যাপল। ফলে আইফোনের সঙ্গে ডিভাইসটি ব্যবহার করতে পারছেন না গ্রাহক। এ নিয়ে স্যামসাংয়ের গ্রাহক সেবা ফোরামে অভিযোগ করতে শুরু করেছেন গ্রাহকরা- বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।
স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়, “গিয়ার ফিট ২ প্রো-তে আইওএস সমর্থনের জন্য আমরা কাজ করছি, যা অ্যাপ স্টোরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
আইওএস অ্যাপ না থাকায় এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গেই ব্যবহার করা যাবে গিয়ার ফিট ২ প্রো। আইফোনের সঙ্গে এটি ব্যবহার করতে হলে গ্রাহককে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে গিয়ার স্মার্টওয়াচের জন্য আইওএস সমর্থন পেয়েছে স্যামসাং।
