সিরি’র দায়িত্বে রদবদল আনলো অ্যাপল
নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি শীর্ষ দায়িত্বে বদল এনেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। কনটেন্ট প্রধান এডি কিউ-এর কাছ থেকে বিভাগটি চলে গেছে অপারেটিং সিস্টেমস প্রধান ক্রেইগ ফেডেরিঘি'র হাতে।
এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যালফাবেট অধীনস্থ গুগল আর অ্যামাজনের মতো প্রতিদ্বন্দীতাকে সামনে রেখে এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট-কে নিজেদের সিস্টেমের মূল অংশে এমবেড করার দিকে ঝুঁকছে বলে আভাস পাওয়া যায়, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
অ্যাপল তাদের নির্বাহী কর্মকর্তাদের বায়োগ্রাফি পেইজেও পরিবর্তন নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র রয়টার্স-এর কাছে এই পরিবর্তনের কথা নিশ্চিত করলেও পরিবর্তনগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি।
অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এডি কিউ ২০১২ সাল থেকে সিরি’র দেখাশোনা করছেন। এর আগে সিরি’র দায়িত্বে ছিল অ্যাপলের সে সময়য়কার সফটওয়্যার প্রধান স্কট ফোরস্টাল। ২০১২ সালে অ্যাপল প্রধান টিম কুক তাকে বহিষ্কার করেছিলেন।
ফেডেরিঘি-ও অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। তিনি অপারেটিং সিস্টেমসগুলো দেখাশোনা করেন।
সাম্প্রতিক সময়ে এ খাতে অ্যাপলকে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হচ্ছে। ২০১১ সালে প্রথম কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আনে অ্যাপল। বর্তমানে অ্যামাজনের অ্যালেক্সা, মাইক্রোসফটের কর্টানা ও গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট গ্রাহক আকর্ষণে তাদের চেষ্টা বাড়িয়েছে।
