২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনস্টাগ্রামে ‘ত্রুটি’, তথ্য ফাঁস

নিজেদের সিস্টেমে একটি ত্রুটির কথা প্রকাশ করেছে ফেইসবুক মালিকাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এই ত্রুটি কয়েকজন তারকার ফোন নাম্বার ও ইমেইল অ্যাড্রেস সাইবার আক্রমণকারীদের কাছে দিয়ে দিচ্ছিল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 06:47 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

এ বিষয়ে ইনস্টাগ্রামের পক্ষ থেকে বিভিন্ন তারকাসহ ভেরিফাইড নাম্বারগুলোতে ইমেইল পাঠানো হয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়। প্রতিষ্ঠানটি বলে, তাদের বিশ্বাস ‘এক বা একাধিক’ আক্রমণকারী তারকাদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার লক্ষ্য নিয়েছেন। এক্ষেত্রে কোনো ব্যবহারকারীর পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ঘটনা না ঘটলেও ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কোনো সন্দেহভাজন কিছু ঘটছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে সতর্ক করেছে ইনস্টাগ্রাম।

এখনপর্যন্ত কোন কোন অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে তা নিয়ে কিছু বলেনি প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রামের নিজস্ব সফটওয়্যারে থাকা একটি ‘বাগ’-এর কারণে এই নিরাপত্তা লঙ্ঘন সম্ভব হয়েছে। এই অ্যাপের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেইস (এপিআই)-তেই ত্রুটি ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এই বাগ সরানো হয়েছে বলেও দাবি করে তারা।

ভেরিফাইড ব্যবহারকারীদের অপ্রত্যাশিত ফোন কল, টেক্সট আর ইমেইল নিয়ে ‘বাড়তি সতর্কতা’ অবলম্বন করতে বলেছে ইনস্ট্রাগ্রাম।

বিশ্বব্যাপী ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি আর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ কোটি।