সাবধান: আপনার কন্টাক্টস চুরি করছে সারাহাহ
গোপনে গ্রাহকের ফোন কন্টাক্টস প্রতিষ্ঠানের সার্ভারে মজুদ করছে সারাহাহ।
নিজের পরিচয় গোপন রেখে বার্তা আদান প্রদানের সাইট সারাহাহ। অল্প সময়ের মধ্যে ভাইরাল হতে দেখা গেছে অ্যাপটি।
কিন্তু একে যতটা গোপন মনে করা হচ্ছিল বাস্তবে ততটা নয়। গোপনে নিজেদের সার্ভারে গ্রাহকের ফোনে মজুদ করা নাম্বার ও পরিচিতি আপলোড করছে তারা, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
তথ্য প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান বিশপ ফক্স-এর জেষ্ঠ্য নিরাপত্তা বিশ্লেষক জাখারি জুলিয়ান প্রথম বিষয়টি লক্ষ্য করেন। বিইউআরপি সুইট নামে নজরদারি সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সার্ভারে আপলোড করছে সারাহাহ।
“যখনই আপনি অ্যাপ্লিকেশনটিতে লগইন করেন, এটি আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা সব ইমেইল ও ফোন নাম্বার ট্রান্সমিট করতে থাকে,” বলেন জুলিয়ান।
গ্রাহকের কন্টাক্টস-এ প্রবেশের জন্য অনুমতি নেয় সারারাহ। কিন্তু অ্যাপটিতে এমন কোনো ফিচার নেই যেখানে এগুলোর দরকার আছে।
এ ব্যাপারে সারারাহ প্রতিষ্ঠাতা জিয়ান আল-আবেদিন তাউফিক বলেন, “‘ফাইন্ড ইওর ফ্রেন্ডস’ নামের পরিকল্পিত ফিচারের জন্য কন্টাক্টস তালিকা আপলোড করা হচ্ছে, যা এখনও উন্মুক্ত করা হয়নি।
এই টুইট বার্তায় তাউফিক বলেন, পরবর্তী আপডেটে ডেটা সংগ্রহের এই ফিচার সরিয়ে নেওয়া হবে।
