২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল ক্লিকে পয়সা নেবে না ফেইসবুক

ব্যবহারকারী কোনো বিজ্ঞাপনে দূর্ঘটনাবশত ক্লিক করে ফেললে ও তা দুই সেকেন্ডেরও কম সময় ধরে দেখলে তার জন্য বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অর্থ নেওয়া বন্ধ করবে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 08:54 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

নতুন এই নীতিমালা বিরক্তিকর বিজ্ঞাপন ও পপ-আপগুলো দেখানোতে নিরুৎসাহিত করবে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

ফেইসবুকের পণ্য বিপণন ব্যবস্থাপক ব্রেট ভোগেল বলেন, “অনিচ্ছাকৃত বিজ্ঞাপন ক্লিক প্রকাশকদের জন্য লাভজনক হতে পারে, তারা ব্যবসায় আর মানুষদের জন্য ভালো অভিজ্ঞতা দিতে ব্যর্থ হয়। বিজ্ঞাপনদাতাদের জন্য এ ধরনের অনিচ্ছাকৃত ক্লিক তাদের প্রচারণার মূল্য কমিয়ে দিতে পারে।”

প্রচারণার পুরো অবস্থা প্রকাশের পন্থায় কিছু পরিবর্তনও আনছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যমটি।

প্রতিষ্ঠানটি এখন থেকে চার্জযোগ্য ও চার্জহীন সব ‘ইমপ্রেশন’-এর জন্যই প্রতিবেদন প্রকাশ করবে। সেইসঙ্গে ডেস্কটপ নিউজ ফিডের উপরে ডান পাশে দেখানো স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ নেওয়া বিজ্ঞাপনগুলো নিয়েও প্রতিবেদন প্রকাশ করা হবে।

ভোগেল বলেন, “ব্যবহারকারীদের দুর্ঘটনাবশত প্রথমেই ক্লিক করা থেকে থামাতে, বাড়তি মেট্রিক আনতে, বাউন্স রেইট কমানোর মাধ্যমে অনিচ্ছাকৃত ক্লিকের সংখ্যা কমাতে প্রতিষ্ঠানটি আরও নতুন নতুন কৌশল নিয়ে পরীক্ষা চালাবে।”

তিনি আরও বলেন, “প্রকাশকরা মাঝে মধ্যে এমন বিজ্ঞাপন অভিজ্ঞতা তৈরি করে যা সত্যিকার বিজ্ঞাপন মূল্য সরবরাহে ব্যর্থ হয়।”