ড্রোন রেইসিংয়ে পুরস্কার লাখ ডলার
শীঘ্রই শুরু হতে যাচ্ছে চলতি বছরের ‘ড্রোন রেইসিং লিগ’। এবারের আসরে বিজয়ী পুরস্কার বলা হচ্ছে এক লাখ মার্কিন ডলার।
বিশ্বজুড়ে বিভিন্ন পথে প্রতিযোগিতা করবে ১৬টি দল। প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হবে শুধু একটি দলকে, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
ইতোমধ্যে রেইসের সব পথের পরিকল্পনাও শেষ হয়েছে। পরিত্যাক্ত শপিং মল থেকে শুরু করে বিশাল বাণিজ্যিক স্পোর্টস স্টেডিয়াম রয়েছে রেইস ট্র্যাকের তালিকায়। এসব ট্র্যাকের ওপর দিয়ে বাধা এড়িয়ে ড্রোন ওড়াবেন প্রতিযোগীরা।
সাধারণ কোনো ড্রোন ব্যবহার করা হচ্ছে না রেইসে। এর জন্য নিজস্ব ড্রোন আনবে প্রতিযোগীরা।
ড্রোন রেইসিং লিগ-এর প্রধান নির্বাহী নিকোলাস হর্বাশেওস্কি সিএনবিসি-কে বলেন, “এটি খেলনার দোকানের সস্তা কোনো ড্রোন নয়। মডেলগুলোর দাম ৫০০ থেকে ১০০০ মার্কিন ডলারের মধ্যে, যেখানে বিশেষজ্ঞের হাত ও চোখের সমন্বয় এবং তাদের গভীর উপলব্ধির প্রয়োজন রয়েছে।”
প্রতিযোগিতায় পাইলটরা একটি হেডসেট পরে ড্রোন পরিচালনা করবেন। এতে ফার্স্ট-পার্সন দৃশ্যে সামনের চিত্র দেখতে পাবেন পাইলটরা। এতে বেশিরভাগ পাইলটের বয়সই ২০ থেকে ৩০-এর মাঝামাঝি।
