অ্যাপল শেয়ারমূল্যের নতুন রেকর্ড
শেয়ারমূল্যের হিসাবে নিজেদের সর্বোচ্চ রেকর্ড ভেঙ্গেই চলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোমবার প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৮০ হাজার কোটি ডলার ছাড়ায়।
অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য ১৫৩.৪৪ ডলার ছাড়িয়েছে আর বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির ৫২১ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে, প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য প্রকাশ করে।
সোমবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের মূল্য ছিল ১৫৩ ডলার, যা আগের চেয়ে ২.৭ শতাংশ বেশি। তবে, লেনদেন শেষ হওয়ার এই অংক ১৫৩.৭০ ডলার পর্যন্ত উঠেছিল।
গেল সপ্তাহেই নিজেদের প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি প্রত্যাশার চেয়ে কম আইফোন বিক্রি হওয়ার কথা জানায়, যদিও দাম অনেক বেশি ছিল। আইফোন বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে পরবর্তী আইফোনের জন্য গ্রাহকদের অপেক্ষার কথা উল্লেখ করেন অ্যাপল প্রধান টিম কুক।
আর্থিক প্রতিষ্ঠান ড্রেক্সেল হ্যামিলটন-এর বিশ্লেষক ব্রায়ান হোয়াইট বলেন, “আমরা অ্যাপলের বাজারমূল্যে কালো মেঘ দেখতে পাচ্ছি- যা প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েক বছর ধরেই রয়েছে।”
বাজারমূল্যের এমন রেকর্ডের সঙ্গে, নতুন উদ্ভাবন আর আইফোন ৮ আনা হলে অ্যাপলের শেয়ারমূল্য আরও বাড়তে পারে বলেও মত দিয়েছেন হোয়াইট। সেই সঙ্গে চীনে বাজে পারফরম্যান্সও প্রতিষ্ঠানটি কাটিয়ে উঠিতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, সম্প্রতি অ্যাপলের প্রশংসায় মার্কিন বিনিয়োগকারী ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ওয়ারেন বাফেট আইফোন-কে ‘একটি খুব, খুব, খুব মূল্যবান পণ্য হিসেবে আখ্যা দেন।”
