আয় বেড়েছে এএমডি’র
সেমিকন্ডাকটর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)’র প্রান্তিক আয় ১৮.৩ শতাংশ বেড়েছে, অংকটা বিশ্লেষকদের প্রত্যাশার সঙ্গে ভালোই মিল রেখেছে- বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট লাভের পূর্বাভাস কিছু উদ্বেগের জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে ২০ শতাংশেরও বেশি। তবে, মূল্যটা সোমবার লেনদেন শেষে এর চেয়ে ১২.২৩ শতাংশ নিচে ছিল।
চলতি প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ৩৩ শতাংশ লাভের আশা করছে, যেখানে প্রথম প্রান্তিকে অংকটা ছিল ৩৪ শতাংশ।
প্রথম প্রান্তিকে এএমডি রাইজেন রেইঞ্জ-এর কিছু ডেস্কটপ প্রসেসর বের করে। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি সার্ভার বাজারকে লক্ষ্য করে নেপলস চিপ উন্মোচনের পরিকল্পনা করছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লিসা সু বলেন, “আমাদের গ্রাহক আর ব্যবহারকারী উভয় পক্ষের কাছ থেকে আমাদের এখন পর্যন্ত পাওয়া সব পরামর্শ খুবই শক্তিশালী।”
এ দিকে, এক্সবক্স ওয়ান ও প্লেস্টেশন ৪-এর মতো গেইমিং কনসোলে ব্যবহৃত গ্রাফিক্স কার্ড সরবরাহ ব্যবসায়ে প্রতিষ্ঠানটির আয় প্রত্যাশা ছুঁতে পারেনি। এ ব্যবসায় প্রতিষ্ঠানটির আয় পাঁচ শতাংশ বেড়ে ৩৯ কোটি ১০ লাখ ডলার হয়েছে, কিন্তু তা বিশ্লেষকদের গড় প্রত্যাশা ৪৪ কোটি ২১ লাখ ডলারের চেয়ে কম, আর্থিক ডেটা ও বিশ্লেষণা প্রতিষ্ঠান ফ্যাক্টসেট এমন তথ্য প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় এক বছর আগের একই সময়ের ৮৩ কোটি ২০ লাখ ডলার থেকে বেড়ে হয়েছে ৯৮ কোটি ৪০ লাখ ডলার।
এএমডি’র মোট ক্ষতির পরিমাণ ৭.৩ কোটি ডলারে নেমে এসেছে, যা আগে ছিল ১০ কোটি ৯০ লাখ ডলার।
