২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে ফেইসবুক ব্যবহারকারী ১৯০ কোটি 

বুধবার ২০১৭ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এই সামাজিক মাধ্যমটিতে মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৯০ কোটি  হয়েছে- আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিতে পারে বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে খবর বেরিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

প্রতিষ্ঠানটির আয় ৪৫ শতাংশ বেড়েছে বলে আশা করা হচ্ছে, রোববার এমন খবর প্রকাশ করে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

চলতি বছরের শুরুতে ফেইসবুক যখন ২০১৬ সালের শেষ প্রান্তিক ও পুরো বছরের প্রতিবেদন প্রকাশ করে, সে সময় প্রতিষ্ঠানটির আয় আর ব্যবহার সংখ্যায় স্থির বৃদ্ধি দেখা যায়। সে সময় প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেইসবুকের মোট আয় হয়েছ ৮৮০ কোটি ডলার, মোট লাভ ছিল ৩৫৬ কোটি ডলার, প্রতিদিন এই সাইট ব্যবহার করছেন এমন মানুষের সংখ্যা ছিল ১২৩ কোটি আর প্রতিদিন মোবাইল ডিভাইস থেকে ১১৫ কোটি মানুষ লগইন করেছেন।

মার্কিন সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, এই হারে বৃদ্ধি পেতে থাকলে সামাজিক মাধ্যমটি চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দুইশ’ কোটি মাসিক সক্রিয় ব্যহারকারীর মাইলফলক ছুঁয়ে ফেলবে। 

ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও ফেইসবুক সব ধরনের প্রত্যাশা ছাপিয়ে গেছে আর এটা স্পষ্ট, বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

এপ্রিলের শেষে প্রতি মাসে লগইন করা ব্যবহারকারীর সংখ্যা ১৯০ কোটিতে গিয়েছে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান আরবিসি ক্যাপিটাল মার্কেটস-এর এক বিশ্লেষক টেলিগ্রাফ-কে বলেন, “প্রথম প্রান্তিকে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৪ শতাংশ বাড়বে (আগে ১৭ শতাংশ ছিল) বলে আমরা আশা করি।”

বিশ্লেষণা প্রতিষ্ঠান কনসেনসাস-এর পূর্বাভাস অনুযায়ী, এ প্রান্তিকে ফেইসবুকের আয় ৭৮০ কোটি ডলার আর লাভ ৩৩০ কোটি ডলার হতে পারে- যা এক বছর আগের তুলনায় ৭২ শতাংশ বেশি।