৩ডি-প্রিন্টেড সোল বানাচ্ছে এডিডাস
শুক্রবার ৩ডি-প্রিন্টেড সোল তলানির নতুন স্নিকার উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী নির্মাতা জার্মান প্রতিষ্ঠান এডিডাস।
সামনের বছর বড় পরিসরে ‘ফিউচারক্রাফট ৪ডি’ নামের স্নিকারটির উৎপাদন শুরু করবে প্রতিষ্ঠানটি, খবর রয়টার্সের।
“দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে এবং আরও বেশি বিশেষায়িত পণ্য তৈরির লক্ষ্যেই” ৩ডি-প্রিন্টিং প্রযুক্তির ব্যবহার শুরু করেছে এডিডাস। ইতোমধ্যেই গ্রাহকদেরকে অনলাইনে জুতার রঙ এবং নমুনা নিজের মতো করে নেওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আর নতুন ৩ডি-প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বল্প পরিসরে উৎপাদন, সীমিত সংস্করণের জুতা এবং বিশেষায়িত তলানি তৈরি করবে। এই তলানিগুলো গ্রাহকের ভর অনুযায়ী ভিন্নভাবে নকশা করা হবে বলে জানানো হয়।
শুধু এডিডাস-ই নয় এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নাইকি, আন্ডার আরমর এবং নিউ ব্যালান্স-এর মতো প্রতিষ্ঠানগুলোও ৩ডি প্রিন্টিং নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। কিন্তু এ যাবত শুধু প্রটোটাইপ আর স্পনসর্ড ক্রীড়াবিদদের জন্য দামী জুতাই বানানো সম্ভব হয়েছে। ধীর গতির প্রথাগত ৩ডি প্রিন্টারের কারণে এগুলো দিয়ে বড় পরিসরে উৎপাদন সম্ভব হয়নি।
উৎপাদনের এই বাধা এড়াতে সিলিকন ভ্যালির স্টার্ট-আপ ‘কার্বন’-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে এডিডাস। তাদের বিশ্বাস এই অংশীদারিত্বের ফলে বড় পরিসরে উৎপাদনের খরচ কমবে এবং গতি বাড়বে।
এডিডাস-এর উদ্ভাবনী প্রযুক্তি বিভাগের প্রধান গার্ড মানজ বলেন, “শুধু প্রতিষ্ঠান হিসেবে নয় শিল্প হিসেবেও এটি আমাদের জন্য একটি মাইলস্টোন। নতুন ‘ফিচারক্রাফট ৪ ডি’ জুতা উন্মোচনের মাধ্যমে আমরা বেশ কিছু বাধা উৎড়াতে পেরেছি।”
চলতি বছরেই পাঁচ হাজার জোড়া নতুন জুতা উৎপাদনের প্রত্যাশা করছে এডিডাস। আর সামনের বছর এক লাখ ফিউচারক্রাফট ৪ডি জুতা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। কার্বনের নতুন প্রযুক্তিতে প্রতিটি তলানি প্রিন্ট করতে সময় লাগবে ২০ মিনিট।
আগের বছর কয়েকশ’ জোড়া ৩ডি প্রিন্টেড জুতা বিক্রি করেছে এডিডাস। প্রচলিত ৩ডি প্রিন্টারে এসব জুতার প্রতিটি তৈরিতে সময় লেগেছে ১০ ঘন্টা। আর এ জুতাগুলোর দাম ধরা হয়েছে ৩৩৩ মার্কিন ডলার।
