২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্দেশনা পেলেন মার্কিন মেরিনরা

সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের মেরিন সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। মেরিন সদস্যরা নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করে দেয়- সম্প্রতি এমন তথ্য বের হওয়ার পর এই নির্দেশনা দেওয়া হল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2017, 08:37 PM

Updated : 11 Apr 2022, 11:14 PM

এই নির্দেশনায় মেরিন সদস্য সম্পর্কিত কনটেন্ট অনলাইনে শেয়ারের সময় দায়িত্ব নিয়ে আচরণের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেই সঙ্গে মেরিন সদস্যদের জন্য বর্তমানে থাকা আদেশগুলোতেও যৌন বা অন্য কোনো ধরনের হয়রানির বিষয়ে ‘শক্ত নিষেধাজ্ঞা’ আছে বলেও জানানো হয়েছে। 

এর আগে নগ্ন ছবি শেয়ার মেরিন বাহিনীর মূল্যবোধের সঙ্গে ‘সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছিল পেন্টাগন।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, “প্রশ্নবিদ্ধ হতে পারে এমন অনলাইন কার্যক্রমের যুক্ত হওয়ার আগে মেরিনদের দুইবার ভাবা উচিত, মনোবল, কাজের প্রস্তুতি ও নিরাপত্তা বা জনগণের সামনের তাদের বিভাগের অবস্থানকে হুমকির মুখে ফেলতে পারে বা আমাদের মূল মূল্যবোধ ক্ষতিগ্রস্থ করে এমন আচরণ এড়িয়ে চলা উচিত।”

সেইসঙ্গে কোনো ব্যক্তির “বর্ণ, গায়ের রঙ, লিঙ্গ, বয়স, যৌনতা, ধর্ম, জাতীয়তা, যৌন প্রবৃত্তি বা অন্য কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যকে” লক্ষ্য করে দেওয়া যে কোনো বৈষম্য সৃষ্টিকারী কনটেন্ট পোস্ট করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

এ ক্ষেত্রে কোনো প্রশ্নবিদ্ধ হতে পারে এমন কনটেন্ট পেলে তা নিয়ে অভিযোগ করতেও কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে কয়েকজন মেরিন সদস্যের বিরুদ্ধে নারী সহকর্মীদের নগ্ন আর অর্ধনগ্ন একাধিক ছবি ফেইসবুকে প্রকাশ করার অভিযোগ আনা হয়। এই অভিযোগ নিয়ে তদন্ত করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

সে সময় জানা যায়, মেরিন ইউনাইটেড নামের ফেইসবুক গ্রুপের সদস্যরা এসব ছবি পোস্ট করেছেন। এসব ছবি ‘কুরুচিপূর্ণ’ এবং অত্যন্ত আক্রমণাত্মক ‘যৌনতাসংক্রান্ত’ মেসেজযুক্ত। তখনই এই গ্রুপ বন্ধ করা হয়েছে।

ওই ফেইসবুক গ্রুপে ৩০ হাজার সক্রিয় আর অবসরপ্রাপ্ত মেরিন কর্মকর্তা রয়েছেন। অবসরপ্রাপ্ত মেরিন কর্মকর্তা থমাস ব্রেনান কর্তৃক চালিত ওয়্যার হর্স নামের অলাভজনক এক সংবাদদাতা প্রতিষ্ঠান এই গ্রুপের এমন অসামাজিক কার্যকলাপ উন্মোচন করেন।

পুরনো খবর:

নারী মেরিনদের নগ্ন ছবি শেয়ার