২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী মেরিনদের নগ্ন ছবি শেয়ার

যুক্তরাষ্ট্রে কয়েকজন মেরিন সদস্যের বিরুদ্ধে নারী সহকর্মীদের নগ্ন আর অর্ধনগ্ন একাধিক ছবি ফেইসবুকে প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ নিয়ে তদন্ত করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

মেরিন ইউনাইটেড নামের ফেইসবুক গ্রুপের সদস্যরা এসব ছবি পোস্ট করেছেন। এসব ছবি ‘কুরুচিপূর্ণ’ এবং অত্যন্ত আক্রমনাত্মক ‘যৌনতাসংক্রান্ত’ মেসেজযুক্ত, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। ইতোমধ্যে এই গ্রুপ বন্ধ করা হয়েছে।

“এমন কার্যকলাপ আমাদের নীতি আর ঐতিহ্যবিরোধী”, এমনটাই বলেন মেরিন -এর উচ্চপদস্থ কর্মকর্তা সার্জেন্ট মেজর ডোনাল্ড গ্রিন।

নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস (এনসিআইএস)-ও এ নিয়ে তদন্ত শুরু করেছে।

“এমন আচরণ ভুক্তভোগী মেরিন সদস্য, তাদের পরিবার আর অসামরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে,” এক লিখিত বিবৃতিতে সার্জেন্ট মেজর গ্রিন বলেন। 

ওই ফেইসবুক গ্রুপে ৩০ হাজার সক্রিয় আর অবসরপ্রাপ্ত মেরিন কর্মকর্তা রয়েছেন। অবসরপ্রাপ্ত মেরিন কর্মকর্তা থমাস ব্রেনান কর্তৃক চালিত ওয়্যার হর্স নামের অলাভজনক এক সংবাদদাতা প্রতিষ্ঠান এই গ্রুপের এমন অসামাজিক কার্যকলাপ উন্মোচন করেন।

চলতি বছর জানুয়ারি মাসে মেরিনস ইউনাইটেড-এর সদস্য গুগল ড্রাইভে এক ফোল্ডারে কিছু লিংক শেয়ার করেছিলেন। ওয়্যার হর্স-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্যানুসারে এই ফোল্ডারে নারী মেরিন কর্মীদের অসংখ্য নগ্ন ছবি ছিল। অন্যান্য সদস্যরা এসব ছবি খুঁজে নিতে আর আপলোড করতে পরস্পরকে উৎসাহিত করছিল। শুধু তাই নয়, তারা ছবির নারী সহকর্মীর নাম, পদবী আর ইউনিটও চিহ্নিত করে দিয়েছিল।

পরবর্তীতে গুগল ড্রাইভ-এর ওই অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়। সেই সঙ্গে এক মেরিন কর্মকর্তার অনুরোধে ফেইসবুক আর গুগলে প্রকাশিত এসব ছবি সরিয়ে নেওয়া হয়।

মার্কিন মেরিন-এ ইনফ্যান্ট্রি ইউনিটে নারীদের নিয়োগ দেওয়ার প্রথম মাস থেকেই ছবি শেয়ারিংয়ের এসব ঘটনা চলে আসছে বলে জানায় বিবিসি।

শেয়ার করা ছবিগুলোর মধ্যে কিছু না জানিয়ে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ছবি সম্মতি নিয়ে তোলা হলেও অনুমতি না নিয়েই সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা হয়েছে।

এই ঘটনায় ছবি প্রকাশ হয়েছে এমন পাঁচ নারীর সঙ্গে কথা বলেছে ওয়্যার হর্স। তাদের মধ্যে দুইজন- ‘তাদের সাবেক সঙ্গী’ এসব ছবি ফাঁস করতে পারেন বলে ধারণা করছেন। আর কারও কারও ধারণা তাদের অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়েছে।

লেন্স কর্পোরাল মারিসা অয়টেক মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-কে জানিয়েছেন, ছবিগুলো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং তার অনুমতি ছাড়াই মেরিনস ইউনাইটেড পেইজে পোস্ট করে দেওয়া হয়েছে। “যদি আমি পারতাম, আমি কখনও মেরিন লিস্টে আবার আসতাম না,” অয়টেক বলেন।

মেরিন কর্পস-এর মুখপাত্র ক্যাপ্টেন রিয়ান ই আলভিস বলেন, “থমাস ব্রেনান এর প্রতি আমরা কৃতজ্ঞ, যিনি মেরিন ইউনাইটেড পেইজের এসব কর্মকাণ্ড সম্পর্কে মেরিন কর্পস আর এনসিআইএস-কে অবহিত করেছেন।”