২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ার রাস্তায় স্বচালিত বাস

কোনো ব্যাকআপ চালক ছাড়াই স্বচালিত বাস চালু করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো বে এরিয়া পার্কিং লটে। যানবাহনে ভরা রাস্তায় পাইলট প্রকল্প চালুর আগে ফাঁকা রাস্তায় পরীক্ষার জন্য দুইটি বাস নামানো হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 07:42 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

রয়টার্স জানায়, কোনো মানব চালক বা স্টিয়ারিং হুইল ছাড়াই সোমবার বাস দুইটি চালু করা হয়েছে। এ ধরনের প্রতিটি বাসের মূল্য বলা হচ্ছে আড়াই লাখ মার্কিন ডলার।

পাইলট প্রকল্প চালু হলে এটিই হবে যুক্তরাষ্ট্রের রাস্তায় প্রথম স্বচালিত বাস। ক্যালিফোর্নিয়াসহ অন্যান্য মার্কিন অঙ্গরাজ্যগুলো স্বচালিত গাড়ির পরীক্ষায় প্রতিনিয়তই নিজেদের উন্মুক্ত করছে। এ যাবত যে সব স্বচালিত গাড়ির পরীক্ষা দেখা গেছে সেগুলোর বেশির ভাগই মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে।

এবারই প্রথম সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণ ছাড়া বাস উন্মোচন করেছে স্যান ফ্রান্সিসকো। এর আগে ২০১৫ সালে টেক্সাসের অস্টিনে সম্পূর্ণ মানব চালক ছাড়া স্বচালিত গাড়ির পরীক্ষা চালায় গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো।

স্যান ফ্রান্সিসকোতে স্বচালিত বাস দুইটি পরীক্ষা করছে ফরাসী প্রতিষ্ঠান ইজিমাইল। ১২ জন করে যাত্রী বহন করতে পারে এই শাটল বাসগুলো।

বাসগুলো যুক্তরাষ্ট্রের রাস্তায় নামানোর জন্য ডিপার্টমেন্ট অফ মোটর ভেইকল-এর কাছে নতুন আইন অনুযায়ী অনুমতির আবেদন করার আগে কয়েক মাস পার্কিং লটেই বাসগুলো পরীক্ষা করা হবে। ২০১৮ সালের শুরুর দিকে বাসগুলো রাস্তায় নামানোর আশা করা হচ্ছে।