এএমডি’র শেয়ারে দরপতন
নতুন ‘রাইজেন’ সিপিইউ আনার পর তা প্রত্যাশা মেটাতে পারেনি, আর এর প্রভাবে বৃহস্পতিবার নেমে গিয়েছে সেমিকন্ডাকটর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডি’র শেয়ারমূল্য।
বৃহস্পতিবার দিন শেষের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য সাত শতাংশ পড়ে গেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
বৃহস্পতিবার রাইজেন ৭ লাইনআপে তিনটি মডেলের সিপিইউ বের করে প্রতিষ্ঠানটি। ৩২৯ ডলার থেকে শুরু করে ৪৯৯ ডলার পর্যন্ত দামে এই মডেল তিনটি হচ্ছে ১৮০০এক্স, ১৭০০এক্স আর ১৭০০।
কিছু চমৎকার ফিচার থাকলেও রাইজেন ৭ ১৮০০এক্স মডেলটিতে কিছু ত্রুটি রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক রিভিউ সাইট আর্স টেকনিকা।
এএমডি’র বৈশ্বিক বিপনণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন টেইলর বলেন, “কিছু গেইমিংভিত্তিক সাইট নিম্ন রেজুলিউশনের গেইমিং পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছে।”
“কিন্তু অধিকাংশ রিভিউ রাইজেন আর এর পারফরম্যান্স নিয়ে অত্যন্ত ইতিবাচক।”
চলতি বছর ২২ ফেব্রুয়ারি থেকে এই পণ্যগুলোর প্রি-অর্ডার নেওয়া শুরু হয় আর ২ মার্চ আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়।
৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটি ২০১৬ সালের শেষ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে কম ক্ষতি হয়ে বলে জানায়। ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ১১১ কোটি ডলার।
