২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারমূল্যে ফের শীর্ষে অ্যাপল

শেয়ার বাজারে আবারও একমাত্র মার্কিন প্রতিষ্ঠান হিসেবে বাজারমূল্য ৭০ হাজার কোটি ডলার স্পর্শ করার দাবি করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 09:26 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

সোমবার প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় ৭০১০০ কোটি ডলার হয়ে যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অ্যাপল ৭০ হাজার কোটি ডলারের সীমা অতিক্রম করেছিল। সে বছর এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ার মূল্য একদিন ১৩৪.৫৪ ডলার হয়ে গেলে এর বাজার মূল্য প্রায় ৭০৭০০ কোটি ডলারে পৌঁছায়।

২০১৫ সালে এমন বাজিমাৎ দেখালেও, ২০১৬ অর্থবছরে ২০০১-এর পর প্রথমবারের মতো বার্ষিক আয় হ্রাসের কথা জানায় অ্যাপল। ২০১৬ সালে আগের বছরের তুলনায় আইফোন বিক্রি ও চীনে আয় কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাজারমূল্যের দিক থেকে শেয়ারবাজারে তালিকাভূক্ত মার্কিন প্রতিষ্ঠানগুলোর তালিকায় অ্যাপল-কে হটিয়ে শীর্ষস্থান দখলে নেয় ওয়েব জায়ান্ট গুগল-এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সে সময় অ্যালফাবেট-এর বাজারমূল্য ছিল প্রায় ৫৪৭১০ কোটি ডলার।

সংবাদবাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সেই মন্দা অবস্থার সময়েও আমেরিকান প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সফল ছিল। এ ক্ষেত্রে ১৯৮২ সালের অ্যাপলের শেয়ার ধ্বসের কথাও টেনে এনেছে সিএনবিসি। সে সময় প্রতিষ্ঠানটির প্রতি শেয়ার মূল্য ২০ সেন্ট হয়ে যায়।

শেয়ারমূল্যে রেকর্ড সৃষ্টির কাছাকাছি চলে গেলেও, একে অ্যাপলের সব সময়ের সেরা বাজার মূল্য ধরা যায় না। এর কারণ হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের বাজারমূল্য শেয়ারবাজারে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার সংখ্যার সঙ্গে প্রতি শেয়ার মূল্য গুণ করে বের করা হয়। বর্তমানে শেয়ারবাজারে থাকা অ্যাপলের শেয়ার সংখ্যা ৫২ লাখ ৬০ হাজার। অন্যদিকে, ২০১৫ সালের মার্চে অংকটা ছিল ৫৭ লাখ ৬০ হাজার। এর মধ্যে বাকি শেয়ারগুলো পুনরায় কিনে নিজেদের হাতে নিয়ে নেয় অ্যাপল।