কম্পটেল-কে কিনতে চায় নোকিয়া
স্বদেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান কম্পটেল-কে ৩৪ কোটি ৭০ লাখ ইউরো’র বিনিমিয়ে কিনতে আগ্রহ প্রকাশ করেছে ফিনিশ টেলিযোগাযোগ ও নেটওয়ার্ক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া। নিজেদের সফটওয়্যার সেবা ব্যবসায় বাড়ানোর লক্ষ্যেই এ ক্রয়ের চেষ্টা বলে জানিয়েছে এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বজায় রাখা প্রতিষ্ঠানটি।
নোকিয়া এর প্রতিদ্বন্দী সুইডিশ এরিকসন ও চীনা হুয়াওয়ে সাম্প্রতিক সময়ে বাজারে মন্দা অবস্থা পার করছে। দ্রুতগতির ৪জি মোবাইল ব্রডব্যান্ড যন্ত্রাংশের চাহিদা বেড়ে যাওয়া আর পরবর্তী প্রজন্মের ৫জি নেটওয়ার্কে এই চাহিদা যেতে এখনও কয়েক বছর বাকি থাকায় প্রতিষ্ঠানগুলোকে এমন অবস্থায় পড়তে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
নোকিয়া জানিয়েছে গ্রাহকরা এখন তাদের নেটওয়ার্ক-কে আরও বেশি বুদ্ধিমান করে তুলতে সফটওয়্যার-এর দিকে ঝুঁকছেন। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “এই ক্রয়ের পরিকল্পনা একটি স্বতন্ত্র সফটওয়্যার ব্যবসায় গড়ে তুলতে নোকিয়ার কৌশলের একটি অংশ।”
যে দামে নোকিয়া কম্পটেল-কে কিনতে চাচ্ছে সে হিসাবে কম্পটেল-এর প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ৩.০৪ ইউরো। এ খবর প্রকাশের আগে লেনদেন বন্ধ হওয়া পর্যন্ত কম্পটেল-এর প্রতি শেয়ারের মূল্যের চেয়ে অংকটা ২৯ শতাংশ বেশি বলে জানিয়েছে রয়টার্স। ২০১৬ সালে কম্পটেল-এর মোট আয় ছিল ১০ কোটি ইউরো।
২০১৬ সালে নোকিয়া ফরাসী-আমেরিকান প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট’কে ১৫৬০ কোটি ইউরো’র বিনিময়ে কিনে নেয়। এর প্রেক্ষিতে বার্ষিক খরচ কমানোর লক্ষ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করতে হয় প্রতিষ্ঠানটিকে।
