২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বিগুণ হবে’ এএমডি’র শেয়ারমূল্য

এক বছরে দ্বিগুণ হতে পারে সেমিকন্ডাকটর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকর্পোরেটেড (এএমডি)-এর শেয়ারময়ল্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 05:41 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

ইনটেল-এর কাছে নিজেদের হারানো স্থান ফিরিয়ে আনা আর এনভিডিয়া’র আধিপত্য থাকা গ্রাফিক চিপ-এর বাজারে নিজেদের শেয়ার বাড়ার কারণে  এএমডি’র শেয়ারমূল্যে এই বৃদ্ধি আনতে পারে বলে রোববার জানিয়েছে অর্থ ও বাজারবিষয়ক মার্কিন সাপ্তাহিক ব্যারন’স।

ইতোমধ্যে শেষ এক বছরে এএমডি’র শেয়ারমূল্য পাঁচগুণ হয়েছে। সাম্প্রতিককালে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম হয়েছে ১২.২৪ ডলার, জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লিসা সু, প্রতিষ্ঠানের ডেস্কটপ ও গ্রাফিক চিপ ব্যবসায় নজর দেওয়ার কারণে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্যে এই বৃদ্ধি এসেছে বলে জানিয়েছে ব্যারন’স। 

শেয়ারমূল্য দ্বিগুণ হতে পারে- ব্যারন’স এর এমন পূর্বাভাস নিয়ে এএমডি’র মুখপাত্র ড্রু প্রেইরি এক ইমেইলে বলেন, “আমাদের কাছে এক দশকেরও বেশি সময়ের মধ্যে নতুন পণ্যের সবচেয়ে শক্তিশালী সেটগুলো আছে, যা আমরা এই বছর বের করার পরিকল্পনা করছি। আর এটি হচ্ছে এই উচ্চমাত্রার আগ্রহ আর আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনের কারণ।”

এর আগে ২০১৬ সালের অক্টোবরে এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সু জানান, তিনি আশা করেন ২০১৭ সালের মধ্যে ব্যবসায়ের বৃদ্ধি ত্বরান্বিত হবে। তিনি বলেন, “দীর্ঘমেয়াদী কৌশল সবসময় আমাদের জন্য চাবি এবং দীর্ঘমেয়াদী কৌশল মানে খুব ভালো পণ্য, খুব ভালো গ্রাহক সম্পর্ক এবং মজবুত প্রকৌশল তৈরি।”

ওই সময়ের প্রতিবেদনে জানা যায়, ২০১৭ সালে ‘জেন’ নামের উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার প্রসেসর সেট চালু করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির। এটি বিভিন্ন ডিভাইস এবং সিস্টেমের কার্যকারিতা উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালকে ‘জেন এবং উচ্চ-কার্যকারিতার কম্পিউটিংয়ের সাল’ বলে আখ্যায়িত করেছেন সু।