২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যায় গ্যাসচালিত গাড়ি ছাড়াবে বৈদ্যুতিক গাড়ি

সামনের ২০ বছরের কম সময়ের মধ্যে বাজারে প্রচলিত তেলচালিত গাড়ির তুলনায় বেশি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি থাকবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন পূর্বাভাস দিয়েছেন ফোর্ড-এর প্রধান নির্বাহী মার্ক ফিল্ডস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 04:47 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের ভাবনা হচ্ছে এখন থেকে ১৫ বছরে এই খাতে অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের তুলনায় বেশি বৈদ্যুতিক গাড়ি আসতে যাচ্ছে। এ কারণে আমরা এই খাতে আমাদের মর্যাদা তৈরি করতে চাই, আমরা আমাদের ব্র্যান্ড তুলে ধরতে চাই… এই খাতে আমরা নেতৃস্থানীয় হতে চাই।”

তেল-চালিত ট্রাক আর এসইউভি বিক্রি করে নিজেদের সবচেয়ে বেশি অর্থ বানানো অটোমোবাইল নির্মাতা এই মার্কিন প্রতিষ্ঠান প্রধানের মুখে এমন কথা একটু অবাক করাই লাগতে পারে— বলা হয়েছে সাইটটির প্রতিবেদনে। কিন্তু নিজ প্রতিষ্ঠানের বৈদ্যুতিক পণ্য বাড়ানো নিয়ে ফিল্ড আসলেই গুরুত্ব দিচ্ছেন। সেই সঙ্গে বড় বিনিয়োগের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টাও চালাচ্ছেন তিনি। 

২০১৫ সালে ফোর্ড এক ঘোষণায় জানায়, তারা ১৩টি নতুন বৈদ্যুতিক গাড়ি মডেলের জন্য ২০২০ সালের মধ্যে সাড়ে চারশ’ কোটি ডলার খরচ করছে। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি নিজেদের পরিকল্পনায় থাকা ওই গাড়িগুলোর সাতটি উন্মোচন করে। এগুলোর মধ্যে একটি হচ্ছে এফ-১৫০ হাইব্রিড, সম্পূর্ণ বৈদ্যুতিক এই এসইউভি একবার চার্জ দিলে তিনশ’ মাইল চলার ক্ষমতা রাখে।

বৈদ্যুতিক গাড়ি খাতে বড় অবদান রাখছে এমন প্রতিষ্ঠান ফোর্ড একাই নয়। ইতোমধ্যে জেনারেল মোটর্স পুরো বৈদ্যুতিক একটি গাড়ি বের করেছে আর প্রতিটি বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই সামনের পাঁচ বছরের মধ্যে এমন গাড়ি আনার পরিকল্পনা রেখেছে।