অন্যের মনের কথা প্রকাশে কাজ করছে ফেইসবুক?
একটি ‘ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস’ বানাতে কাজ করছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে ব্যবহারকারীরা একে অন্যের মনের কথা বুঝে কথা বলতে পারবে, এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
দৈনিকটি জানায়, প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমের নতুন এই প্লাটফর্ম নিয়ে কাজ করতে গোপনে একটি দল গঠন করছে। এতে উন্নত নিউরোসায়েন্স ও তড়িৎ প্রকৌশল ব্যবহার করা হবে। এ নিয়ে নিজেদের ‘বিল্ডিং ৮’ দলে একজন ‘ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস প্রকৈশলী’ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই দলটি ফেইসবুকের সর্বাধুনিক ও গোপন প্রকল্পগুলো নিয়ে কাজ করবে বলে জানা গেছে।
ওই পদে নিয়োগ পাওয়া প্রকৌশলী “উন্নত (ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস) প্রযুক্তি বানাতে” কাজ করবেন বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই প্রযুক্তি কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ‘নিউরোইমেজিং ও ইলেক্ট্রোসাইকোলিজক্যাল ডেটা’ নিয়ে কাজ করবে।
এর আগে ভবিষ্যতের কম্পিউটার প্লাটফর্ম হিসেবে টেলিপ্যাথি’র এক সংস্করণের দিকে ইঙ্গিত করেছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। আর ওই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বোঝা যায়, ফেইসবুক এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। ২০১৫ সালে এক প্রশ্নোত্তর পর্বে কীভাবে মানুষ “আপনার মাথায় থাকা চিন্তা ধরতে পারবে ও তা পুরো বিশ্বের সঙ্গে শেয়ার করতে পারবে” তা বর্ণনা করেছিলেন জাকারবার্গ- বলা হয়েছে ওই প্রতিবেদনে।
ওই দলের জন্য অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এতে “ভবিষ্যতের যোগাযোগ ও কম্পিউটিং প্লাটফর্ম” বানাতে সমর্থ এমন লোকদের সন্ধান করা হয়েছে।
সবগুলো পদই অস্থায়ী হিসেবে তালিকাভূক্ত, এ ক্ষেত্রে দুই বছরের চুক্তি করা হবে যার জন্য এমন কাউকে দরকার হবে যিনি “কিছুটা অধৈর্য্য”। কিন্তু কবে বা কোথায় এই প্রকল্পগুলো আসবে, এগুলো কী ফেইসবুকেরই কোনো সেবা হবে নাকি পুরো ভিন্ন, নতুন কোনো প্রকল্প হবে তা এখনও স্পষ্ট নয়।
