স্বচালিত গাড়ি নিয়ে মুখ খুলল অ্যাপল
স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে অ্যাপল কী ভাবছে? তারা কী এই খাতে আসছে নাকি আসছে না? এমন নানা প্রশ্ন প্রযুক্তি খাতে ইতোমধ্যে সাধারণ হয়ে উঠেছে। কিন্তু এ নিয়ে অ্যাপলকে কখনোই স্পষ্ট কোনো আভাস দিতে দেখা যায়নি। কিন্তু এবার স্বচালিত গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে চলা বিতর্কে প্রবেশ করেছে মার্কিন টেক জায়ান্টটি।
স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনায় নিজেরা উদ্দীপিত বলে এক ঘোষণায় জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে এই ধরনের যানবাহন পরীক্ষায় নিষেধাজ্ঞা না দিতে মার্কিন নিয়ন্ত্রকদের আহ্বানও জানিয়েছে তারা।
অ্যাপলের পণ্য বিশুদ্ধতা পরিচালক স্টিভ কেনার-এর কাছ থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) -এর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে প্রতিষ্ঠানটি স্বচালিত গাড়ি প্রযুক্তিতে নিজেদের আগ্রহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চলতি বছর ২২ নভেম্বর তারিখের ওই চিঠিতে কম্পিউটার আর আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায় যোগাযোগ খাতে বিস্তৃত করা নিয়ে কী ভাবছে তা নিয়ে এক বছরেরও বেশি সময়ের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
চিঠিতে কেনার বলেন, “প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি আর মেশিন লার্নিং খাতে গবেষণায় জোর বিনিয়োগ করছে আর যোগাযোগসহ বিভিন্ন খাতে স্বয়ংক্রিয় ব্যবস্থার সম্ভাবনা নিয়ে এটি উদ্দীপিত। এনএইচটিএসএ-এর নির্দেশনা ঠিকভাবে কার্যকর করে, মানুষের অভিজ্ঞতা বিশেষভাবে উন্নত করতে স্বয়ংক্রিয় গাড়ির সম্ভাবনা আছে- যাতে প্রতি বছর লাখ লাখ গাড়ি দুর্ঘটনা ও হাজার হাজার মৃত্যু ঠেকানো যাবে।”
স্বচালিত গাড়ির পরীক্ষায় খুব বেশি কড়াকড়ি আরোপ না করতে নিয়ন্ত্রকদের আহ্বান জানিয়েছে অ্যাপল। সেই সঙ্গে “প্রতিষ্ঠিত উৎপাদনকারী আর বাজারে নতুন প্রবেশকারীদের সঙ্গে সমান আচরণ করতেও” বলেছে প্রতিষ্ঠানটি।
স্বয়ংক্রিয় প্রযুক্তিতে আশংকা রয়েছে এমন বিপজ্জনক স্থানে কী করতে হবে তার সিদ্ধান্ত সফটওয়্যারই নেবে। এ কারণে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মনোযোগ বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছে অ্যাপল।
