২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুভির জেটপ্যাক এবার বাস্তবে!

মানুষের আকাশে ওড়ার স্বপ্নপূরণ করতে শীঘ্রই জেটপ্যাক বিক্রি শুরু করতে যাচ্ছে ‘জেটপ্যাক এভিয়েশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিফাত আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 05:38 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

এর ফলে চাইলে নিজের ব্যক্তিগত জেটপ্যাক নিয়ে উড়ে বেড়ানো যাবে বলে জানানো হয়েছে। তবে, এজন্য হতে হবে বিশেষ যোগ্যতাসম্পন্ন আর অপেক্ষা করতে হবে ২০১৭ সালের বসন্ত পর্যন্ত, এমনটাই জানিয়েছে মার্কিন প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট ।

সায়েন্স ফিকশনের গল্পে অথবা মুভিতে প্রায়শই দেখা যায় ‘জেটপ্যাক’ নামের এক যন্ত্র যার মাধ্যমে দিব্যি এক স্থান থেকে আরেক স্থানে উড়ে বেড়াতে পারে মানুষ। এবার বাস্তবেই দেখা যাবে সেই আজব বাহনের ব্যবহার। আর যে কেউই অর্থের বিনিময়ে নিজের করে নিতে পারবেন সেই বাহনটি। জেটপ্যাক এভিয়েশন নামের প্রতিষ্ঠান জনসাধারনের জন্য সামনের বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে বিক্রি শুরু করতে যাচ্ছে এই যন্ত্রটি।  

আগের বছর এই ‘জেটপ্যাক এভিয়েশন’ সর্বপ্রথম জেটপ্যাক ব্যবহার করে স্ট্যাচু অফ লিবার্টির কাছে উড্ডয়ন করে। জেবি-১০ নামের মডেলটি দুইটি ইঞ্জিনের সমন্বয়ে তৈরি যা পূর্ববর্তী জেবি-৯ মডেল থেকে ৭ শতাংশ বেশি শক্তিশালী। জেবি-৯ মডেলটি একবার রিফুয়েলিং এর আগে ১০ মিনিটের জন্য এক হাজার ফুট বা ৩০৫ মিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যেতে পারত। 

জেবি-৯ জেটপ্যাকটিতে টারবাইন জেট ব্যবহার করা হয়েছে শক্তির উৎস হিসেবে। এতে জ্বালানী হিসেবে সাধারণ কেরোসিন ব্যবহার করা হয়েছে এবং এটি একবারে সর্বোচ্চ ১০ গ্যালন জ্বালানী ভরে টানা ১০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম বলে জানানো হয়।   

স্পষ্টভাবে এখনও এটির মূল্য নির্ধারণ করা হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল-এর মতে “ভাল যোগ্যতাসম্পন্ন ক্রেতা”দের নিকট জেটপ্যাক এভিয়েশন প্রতিটি জেবি-১০ মডেলের বৈদ্যুতিক সংস্করণ আড়াই লাখ মার্কিন ডলারে বিক্রির আশা করছে।

অন্যদিকে জেটপ্যাক এভিয়েশনের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফটও ২০১৭ সাল থেকে তাদের জেটপ্যক বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিটি জেটপ্যাকের মূল্য নির্ধারণ করেছে দুই লাখ ডলার।