প্রত্যাশা বাড়িয়েছে তোশিবা
নিজেদের অর্থবছরের প্রথমার্ধের প্রত্যাশিত লাভের অংক ৩৬ শতাংশ বাড়িয়ে ৯৫০০ কোটি ইয়েন নির্ধারণ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান তোশিবা।
খরচ কমানো আর মেমোরি চিপ ও হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবসায় উন্নতির কারণেই প্রতিষ্ঠানটির লাভের পূর্বাভাসে এই উন্নতি, জানিয়েছে ব্লুমবার্গ।
লাভের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত আয়ের পরিমাণও কিছুটা বাড়ানো হয়েছে। প্রত্যাশিত আয় ২.৫৮ ট্রিলিয়ন ইয়েন থেকে বাড়িয়ে ২.৫৫ ট্রিলিয়ন ইয়েন করা হয়েছে।
এদিকে বিশ্লেষকরা গড়ে এই অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ২.৫৭ ট্রিলিয়ন ইয়েন আর লাভ ৬২ বিলিয়ন ইয়েন বলে পূর্বাভাস দিচ্ছিলেন।
নতুন প্রত্যাশা ঘোষণার আগে তোশিবার শেয়ার মূল্য কমতে থাকলেও, এই ঘোষণা প্রকাশের পর এই হ্রাস পাওয়া বন্ধ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত টোকিওতে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১.৪ শতাংশ বেড়েছে।
এর আগে সেপ্টেম্বরে নিজেদের পূর্বাভাস বাড়িয়েছিল কম্পিউটার থেকে শুরু করে পারমাণবিক শক্তি উৎপাদনের যন্ত্র নির্মাতা এই প্রতিষ্ঠানটি।
হিসাব জালিয়াতির এক ঘটনায় ধ্বস নামার পর, কর্মী ছাঁটাই আর নানাভাবে খরচ কমিয়ে আবারও আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
২০১৫ সালেই তোশিবার ১৩০ কোটি ডলারের হিসাব গড়মিল কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। ওই কেলেঙ্কারি থেকে রক্ষা পেতেই স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। আগের কেলেঙ্কারি পিছু না ছাড়তেই অর্থ জালিয়াতির নতুন বিতর্কের জন্ম দিয়েছিল জাপানের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
হিসাব রক্ষণাবেক্ষণের বিশেষ খাতায় ১৩০ কোটি ডলার-এর জালিয়াতি ২০১৫ সালে তোশিবার ব্যবসায়ের গতিকে পিছনে ফেলে দেয়, পরিকল্পনা অনুযায়ী ১৪ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করা হয় এবং এর সঙ্গে ৫৯০ কোটি ডলার এর বিনিময়ে জাপানী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন-এর কাছে তোশিবার মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুতকরণের শাখাটি বিক্রি করে দেওয়া হয়। আর প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব নেন মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুত বিভাগের প্রধান হিসেবে কাজ করা সাতোশি সুনাকাওয়া।
