সৌরকোষ উৎপাদনে টেসলা-প্যানাসনিক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সৌর কোষ আর মডিউল তৈরিতে জাপানের প্যানাসনিক কর্পোরেশন-এর সঙ্গে এক সঙ্গে কাজ করার কথা জানিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা।
এই চুক্তি সম্পর্কে টেসলা জানিয়েছে, প্রস্তুতকৃত এসব সৌরকোষ আর মডিউল তারা একটি সৌরশক্তি ব্যবস্থায় ব্যবহার করবে, যেখানে এগুলো টেসলার শক্তি সঞ্চয়ী পণ্য পাওয়ারওয়াল আর পাওয়ারপ্যাকের সঙ্গে কাজ করবে।
জাপানি প্রতিষ্ঠানটি ইতোমধ্যই ইলন মাস্ক-এর প্রতিষ্ঠানটির মডেল ৩ গাড়ির জন্য ব্যাটারি সরবরাহ শুরু করেছে।
রয়টার্স জানিয়েছে, প্যানাসনিক ২০১৭ সালে নিউ ইয়র্ক-এর বাফেলো-তে অবস্থিত কার্যালয়ে তাদের উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
টেসলা তাদের দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা এসব সৌরকোষ প্রস্তুতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ‘ভাবছে’। এই চুক্তি মাস্ক-এর আরেক প্রতিষ্ঠান সোলারসিটি'র শেয়ারধারীদের অনুমোদনের উপর নির্ভর করছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
এ খবর প্রকাশের আগের সপ্তাহে টেসলা আর সোলারসিটি-র শেয়ারধারীরা এই প্রস্তাবিত সমন্বয় পদ্ধতির জন্য ১৭ নভেম্বর ভোট দিতে সম্মত হয়েছেন। ভোটের পরেও সম্মিলিত এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে জোরালো পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টেসলা।
