৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কেলেঙ্কারিতে ফের মামলায় তোশিবা

তোশিবার লাভের হিসাবে জালিয়াতির ঘটনায় বিদেশি বিনিয়োগকারীদের একটি দল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে, বৃহস্পতিবার এমনটি জানিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটি।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 09:20 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

ক্ষতিপূরণ হিসেবে ওই দল প্রায় ১৬৭০ কোটি ইয়েন দাবি করেছে। এই অংক হিসাব কেলেঙ্কারির ঘটনায় দাবি করা বৃহত্তম ক্ষতিপূরণগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে রয়টার্স।

তোশিবা এক বিবৃতিতে জানায়, ৪৫টি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি দল টোকিও ডিসট্রিক্ট কোর্ট-এ এই মামলা দায়ের করে। বুধবার এই মামলার এক বিজ্ঞপ্তি পায় প্রতিষ্ঠানটি।

তোশিবা আরও জানিয়েছে, এর আগে প্রায় ১৩০ কোটি ডলার হিসাব জালিয়াতির জন্য আরও ১৫টি মামলায় প্রায় ১৫৩০ কোটি ইয়েন ক্ষতিপূরণ গুণতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

এর আগে চলতি বছরের অগাস্ট মাসে জাপান ট্রাস্টি সার্ভিস ব্যাংক ১২০০ কোটি ইয়েন ক্ষতিপূরণ চেয়ে তোশিবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

তোশিবা ২০১৫ সালে তাদের মুনাফা বেড়ে ২০০৮ সালের অবস্থায় ফিরে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছিল।

২০১৫ সালেই তোশিবার ১৩০ কোটি ডলারের হিসাব গড়মিল কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। ওই কেলেঙ্কারি থেকে রক্ষা পেতেই স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। আগের কেলেঙ্কারি পিছু না ছাড়তেই অর্থ জালিয়াতির নতুন বিতর্কের জন্ম দিয়েছিল এই প্রতিষ্ঠান।

হিসাব রক্ষণাবেক্ষণের বিশেষ খাতায় ১৩০ কোটি ডলার-এর জালিয়াতি ২০১৫ সালে তোশিবার ব্যবসায়ের গতিকে পিছনে ফেলে দেয়, পরিকল্পনা অনুযায়ী ১৪ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করা হয় এবং এর সঙ্গে ৫৯০ কোটি ডলার এর বিনিময়ে জাপানী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন-এর কাছে তোশিবার মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুতকরণের শাখাটি বিক্রি করে দেওয়া হয়। আর প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব নেন মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুত বিভাগের প্রধান হিসেবে কাজ করা সাতোশি সুনাকাওয়া।