২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোদমে তৈরি হবে সনি'র ইমেজ সেন্সর

চলতি বছর অক্টোবর থেকে ২০১৭ সালের মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো সক্ষমতায় ইমেজ সেন্সর উৎপাদন শুরু করবে সনি, জানিয়েছেন এর চিপ-নির্মাণ অঙ্গপ্রতিষ্ঠানের প্রধান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

২০১৫ সালে স্মার্টফোনের জন্য উচ্চ চাহিদার কারণে বিক্রি কমে যাওয়ার পর এমন ঘোষণা দিলেন ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটির সেমিকন্ডাকটর ম্যানুফাকচারিং কর্পোরেশন-এর প্রধান ইয়াশিরু উয়েদা।

রয়টার্স জানিয়েছে, বর্তমানে সনি'র পাঁচটি ইমেজ সেন্সর প্লান্ট থেকে মাসে ৭০ হাজার ইউনিট উৎপাদন হয়। এই সংখ্যা বেড়ে ৭৩ হাজার ইউনিট হবে বলে জানিয়েছেন ইয়াশিরু। দক্ষিণ জাপানে অবস্থিত সনি'র কুমামতো কারখানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এই কারখানা চলতি বছর কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়। ওই সময় সনি জানায়, কিউশু-এর দক্ষিণে কুমামোতো-তে অবস্থিত কারখানাটি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের শক্তি এবং ক্রমাগত ‘আফটারশক’-এর কারণে পুনরায় কাজ শুরু করতে কতটা সময় লাগতে পারে তা নিয়ে আশঙ্কা বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন মিজুহো সিকিউরিটিজ-এর গবেষক কেনিচি সাইতা।

২০০১ সালে চালু হওয়া কুমামোতো-এর কারখানাটি স্মার্টফোনের ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরার একটি অন্যতম উপাদান সিএমওএস (বা সিমোস) সেন্সর তৈরি করে। অ্যাপলের আইফোনেও এই সেন্সর ব্যবহার করা হয়। উপাদান উৎপাদনে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে মূল পণ্য উৎপাদনে বিলম্বের সৃষ্টি হতে পারে এবং উৎপাদনকারীর বিক্রি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা ওই সময়।