১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এবার প্যানাসনিক-এর 'অদৃশ্য' টিভি

প্রায় 'অদৃশ্য' টিভি উন্মোচন করেছে জাপানিজ ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ৪কে এবং এইচডিআর-কে ছাড়িয়ে নতুন অদৃশ্য টিভির প্রযুক্তি এনেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

টোকিওতে অনুষ্ঠিত কম্বাইন্ড এক্সিবিশন অফ অ্যাডভান্সড টেকনোলজিস প্রদর্শনীতে নতুন এই টিভি দেখায় প্রতিষ্ঠানটি, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

নতুন এই টিভি অফ থাকা অবস্থায় এতটাই 'স্বচ্ছ' যে প্রায় পুরোপুরি অদৃশ্য মনে হয়। অফ থাকা অবস্থায় রঙবিহীন কাচের পর্দাটির ভেতর দিয়ে পরিষ্কারভাবে অপর পাশের জিনিস দেখা যায়। এ অবস্থায় এটি দেখতে কাচের স্লাইডিং দরজার মতোই।

অন করা হলে স্বচ্ছ এই টিভিই সাধারণ টিভির মতো ভিডিও ফুটেজ দেখাতে পারে। প্রথমবার দেখে টিভির ছবির মানও মোটামুটি চিত্তাকর্ষক বলেই ধরা হচ্ছে।

টিভির পর্দা হিসেবে গ্লাসে ওএলইডি পর্দা ব্যবহার করেছে প্যানাসনিক। অন্ধকারাছন্ন পরিবেশেই সবচেয়ে ভালো কাজ করে নতুন এই টিভি। উজ্জ্বল পরিবেশে ছবির মান কিছুটা খারাপ দেখায় বলে জানানো হয়েছে।

আপাতত টিভিটির প্রোটোটাইপ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। সামনের আরও তিন বছর এটির উন্নয়ন চলবে বলে ধারণা করা হচ্ছে।