শতকোটি প্রশ্নে পিছু হটল মাইক্রোসফট
এক বছর আগে উইন্ডোজ ১০ নিয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ২০১৮ সালের মাঝামাঝি সময়ের শতকোটি ডিভাইসে উইন্ডোজ ১০ ইনস্টল করার স্বপ্ন দেখেছিল মার্কিন প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা থেকে সরে আসার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
মাইক্রোসফট কর্মকর্তারা এখনও শতকোটির মাইলফলক ছোঁয়ার বিষয়ে আশাবাদী, তবে তা ২০১৮ সালের মধ্যেই হবে কিনা সেটি নিয়ে 'সন্দিহান' তারা, জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, "৩৫ কোটি মাসিক সক্রিয় ডিভাইস নিয়ে উইন্ডোজ ১০-এর শুরুটা উষ্ণতম হয়। এর মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি আর সম্পৃক্ততায় করা হয় রেকর্ড। দিনে দিনে আমাদের উন্নতিতে আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদের ফোন হার্ডওয়্যার ব্যবসায়ের দিকে মনোযোগ দেওয়ার কারণে আমাদের শতকোটি মাসিক সক্রিয় ডিভাইস ধরার লক্ষ্যটা ২০১৮ অর্থবছর ছাড়িয়ে যাবে।"
মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস প্রধান টেরি মায়েরসন জানান, শতকোটির অংকটা ডেস্কটপ, ল্যাপটপ, উইন্ডোজ ফোন, এক্সবক্স ওয়ান গেইমিং কনসোলসহ সব উইন্ডোজ ১০ চলবে এমন ডিভাইস-কে ধরে বানানো। তবে, এক্ষেত্রে ঐ সময়ের মধ্যে শতকোটি ডিভাইসের অধিকাংশই পিসি আর ট্যাবলেট হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০১৮ সালের মাঝামাঝি এই লক্ষ্যমাত্রা পূরণে উইন্ডোজ ১০ চালিত উইন্ডোজ ফোনগুলো ভালো সহায়তা করবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ২০১৬ সালে উইন্ডোজ ফোনে প্রতিষ্ঠানটি 'খুব একটা নজর না দেওয়ায়' উইন্ডোজ ফোনের বাজার পড়ে যায় বলে মত প্রযুক্তি সাইটটির।
মাইক্রোসফট সারফেইস ফোনের মতো ডিভাইস ছাড়তে যাচ্ছে বলে গুঞ্জন শোনা গেলেও, তা ২০১৭ সালের আগে হয়তো হচ্ছে না। সারফেইস ফোন ব্যবসায় বাজারের মতো নির্দিষ্ট শ্রেণির দিকে নজর দেবে।
বর্তমানে উইন্ডোজ ৭ আর ৮-এর কোনো সংস্করণ ব্যবহার করতে থাকা ব্যবহারকারীদের উইন্ডোজ ১০-এ নিয়ে যেতে মাইক্রোসফট উঠেপড়ে লেগেছে। এ জন্য চালু করা হয়েছে বিনামূল্যে আপগ্রেড করার কার্যক্রম, যা চলতি বছর ২৯ জুলাই শেষ হতে যাচ্ছে।
